শনিবার, জুন 2, 2018
সাধারণ কালের অষ্টম সপ্তাহের শনিবার
সাধু মার্সেলিনুস ও পিতর, শহিদ – ঐচ্ছিক স্মরণোৎসব

“আপনি কোন অধিকারে এসব করছেন? কিংবা এসব করার অধিকার আপনাকে কে দিয়েছে?” মার্ক 11:28
যিশু শিক্ষা দেওয়ার জন্য মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলে শাস্ত্রী ও ফরিশীরা তাঁকে এই প্রশ্ন করেছিল। যিশু তাঁর প্রচারের মাধ্যমে এবং তাঁর সম্পাদিত অনেক অলৌকিক কাজের মাধ্যমে নিজের কর্তৃত্ব প্রয়োগ করে আসছিলেন। তাঁর এই ঐশ্বরিক কর্তৃত্বের প্রয়োগ তৎকালীন ধর্মীয় নেতাদের অন্তরে প্রবল ঈর্ষা ও হিংসা জাগিয়েছিল। তাই তারা এই ধূর্ত প্রশ্ন দিয়ে তাঁকে ফাঁদে ফেলতে এগিয়ে এল।
প্রথমেই যে বিষয়টি লক্ষ করা দরকার তা হলো, এই ধর্মীয় নেতারা যে উত্তর জানার আগ্রহে প্রশ্নটি করেনি, তা স্পষ্ট। তারা যিশুর দোষ ধরার চেষ্টা করছিল বলেই প্রশ্নটি করেছিল। কিন্তু যিশু বুদ্ধিতে তাদের ছাড়িয়ে গেলেন।
যিশু জানতেন যে তাঁকে ফাঁদে ফেলাই তাদের একমাত্র উদ্দেশ্য। তাই তিনিও পাল্টা তাদের জন্য একধরনের ফাঁদ পাতলেন। তিনি তাদের একটি প্রশ্ন করলেন এবং বললেন, তারা সেই প্রশ্নের উত্তর দিলে তিনিও তাদের প্রশ্নের উত্তর দেবেন। তিনি জিজ্ঞেস করলেন, বাপ্তিস্মদাতা যোহন কোন অধিকারে বাপ্তিস্ম দিতেন। তখন ধর্মীয় নেতারা এই প্রশ্ন নিয়ে আলোচনা করতে গেল। তাদের আলোচনা থেকে স্পষ্ট যে, সঠিক উত্তরে পৌঁছানোর জন্য তারা প্রশ্নটি নিয়ে আলোচনা করছিল না। বরং কোন উত্তরটি রাজনৈতিকভাবে সবচেয়ে লাভজনক হবে, তা নিয়েই তারা আলোচনা করছিল। অন্য কথায়, প্রশ্নটির সত্য উত্তর কী, তা নিয়ে তাদের মাথাব্যথা ছিল না; তাদের চিন্তা ছিল শুধু উত্তর দেওয়ার ফলাফল নিয়ে। তারা এমন ফলাফল চাইছিল, যা তাদের নিজেদের উদ্দেশ্য ও ক্ষমতার পক্ষে সুবিধাজনক হবে।
এ কী বিপজ্জনক পথে চলা! অবশ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে প্রায়ই এই অভিযোগ করা হয়। যদিও প্রত্যেক রাজনীতিবিদ এই ফাঁদে পড়েন না, তবু কেউ কেউ এতে পড়েন। জনসমক্ষে ক্ষমতা ও সম্মান অর্জনের প্রয়োজন যখন আমাদের আচ্ছন্ন করে ফেলে, তখন প্রায়ই আমরা এমন কথা বলতে বা কাজ করতে প্রলুব্ধ হই, যা আমাদের বিচারে সবচেয়ে জনপ্রিয় হবে এবং আমাদের সবচেয়ে ভালোভাবে তুলে ধরবে। কিন্তু একজন খ্রিস্টবিশ্বাসীর, বিশেষ করে একজন ধর্মীয় নেতার, এভাবে চলা উচিত নয়।
সুস্পষ্ট, দ্ব্যর্থহীন সত্যই সর্বদা আমাদের লক্ষ্য হতে হবে। অন্যের চোখে ভালো দেখানোর আকাঙ্ক্ষা ত্যাগ করতে আমাদের কঠোর চেষ্টা করতে হবে। অন্যের চোখে ভালো দেখানো সুখকর হলেও শেষ পর্যন্ত একমাত্র ঈশ্বরের মতই গুরুত্বপূর্ণ। তাঁর “মত” কোনো মতামত নয়, তা সত্য।
নিজেকে মিথ্যাভাবে উপস্থাপন করার জন্য কখনো কখনো প্রতারণার আশ্রয় নেওয়ার যে প্রবণতা আপনার মধ্যে দেখা দিতে পারে, আজ তা নিয়ে ধ্যান করুন। অন্যের মতামত নিয়ে কি আপনি অতিরিক্ত চিন্তিত হন? কেবল নিজের উদ্দেশ্য ও আকাঙ্ক্ষা পূরণের সুবিধার জন্যই কি আপনি কাজ করেন ও কথা বলেন? নাকি আপনি সততা ও আন্তরিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ? সৎ পথ বেছে নিন, আর আমাদের প্রভু আপনাকে তাঁর পবিত্র ও ঐশ্বরিক ভালোবাসার কর্তৃত্বের অংশীদার করবেন।
প্রভু, আমি প্রার্থনা করি, শাস্ত্রী ও ফরিশীদের দৃষ্টান্ত যেন আমাকে প্রতারণার পথ থেকে ফিরে আসতে এবং প্রতিদিন সত্যকে গ্রহণ করতে সাহায্য করে। আমি প্রার্থনা করি, তোমার সত্যের মধ্যে যত পূর্ণভাবে প্রবেশ করব, ততই যেন তোমার পবিত্র ভালোবাসার কর্তৃত্বের অংশীদার হই। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।
আজকের সাধুগণ – সাধু মার্সেলিনুস ও পিতর



