বাংলা

অশুভ অভিপ্রায়ের বাস্তবতা

অক্টোবর 4, 2020
সাধারণ কালের সাতাশতম রবিবার, বর্ষ ক
আজকের পাঠসমূহ

“শেষে তিনি তাঁর ছেলেকে তাদের কাছে পাঠালেন, এই ভেবে, ‘তারা আমার ছেলেকে সম্মান করবে।’ কিন্তু চাষিরা ছেলেকে দেখে পরস্পর বলল, ‘এই তো উত্তরাধিকারী। চলো, ওকে মেরে ফেলি আর ওর উত্তরাধিকার দখল করি।’ তারা তাকে ধরে দ্রাক্ষাক্ষেতের বাইরে ছুড়ে ফেলে হত্যা করল।” মথি 21:37-39

দ্রাক্ষাক্ষেতের চাষিদের উপমার এই অংশটি মর্মান্তিক। বাস্তবে এমনটি ঘটলে, যে বাবা ফসলের ভাগ সংগ্রহ করতে তাঁর ছেলেকে দ্রাক্ষাক্ষেতে পাঠিয়েছিলেন, তিনি এটা জেনে অকল্পনীয়ভাবে মর্মাহত হতেন যে দুষ্ট চাষিরা এমনকি তাঁর ছেলেকেও হত্যা করেছে। অবশ্যই, এমনটি ঘটবে জানলে তিনি কখনোই তাঁর ছেলেকে এই অশুভ পরিস্থিতিতে পাঠাতেন না।

এই অংশটি কিছুটা হলেও যুক্তিসংগত চিন্তা ও অযৌক্তিক চিন্তার পার্থক্য প্রকাশ করে। বাবা তাঁর ছেলেকে পাঠিয়েছিলেন, কারণ তিনি ধরে নিয়েছিলেন যে চাষিরা যুক্তিসংগত আচরণ করবে। তিনি ধরে নিয়েছিলেন যে অন্তত ন্যূনতম সম্মানটুকু দেখানো হবে, কিন্তু তার বদলে তাঁকে অশুভের মুখোমুখি হতে হলো।

অশুভে প্রোথিত চরম অযৌক্তিকতার মুখোমুখি হওয়া আমাদের স্তম্ভিত, হতাশ, ভীত ও বিভ্রান্ত করতে পারে। কিন্তু এসবের কোনো একটিরও কবলে না পড়া জরুরি। বরং, অশুভের মুখোমুখি হলে তা চিনতে পারার মতো বিচক্ষণ হওয়ার চেষ্টা আমাদের করতে হবে। এই ঘটনার বাবা যে অশুভের মোকাবিলা করছিলেন, সে বিষয়ে আরও বিচক্ষণ হলে তিনি তাঁর ছেলেকে পাঠাতেন না।

আমাদের ক্ষেত্রেও তা-ই। কখনো কখনো যুক্তি দিয়ে অশুভের মোকাবিলা করার চেষ্টা না করে, তাকে অশুভ বলে চিহ্নিত করতে আমাদের প্রস্তুত থাকতে হবে। অশুভ যুক্তিসংগত নয়। তার সঙ্গে যুক্তিতর্ক বা আপস-আলোচনা করা যায় না। তার বিরোধিতা করতেই হবে, আর তা করতে হবে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে। তাই যিশু এই উপমার শেষে বলেন, “দ্রাক্ষাক্ষেতের মালিক যখন আসবেন, তখন তিনি সেই চাষিদের কী করবেন?” তারা তাঁকে উত্তর দিল, “তিনি সেই পাষণ্ডদের শোচনীয় মৃত্যু দেবেন” (মথি 21:40-41)।

আজ এমন কোনো পরিস্থিতি নিয়ে ধ্যান করুন, যেখানে আপনি অশুভের মুখোমুখি হচ্ছেন। এই উপমা থেকে শিখুন যে জীবনে অনেক সময় যুক্তিবোধেরই জয় হয়। কিন্তু কখনো কখনো ঈশ্বরের প্রবল ক্রোধই একমাত্র উত্তর। অশুভ যখন “নিখাদ”, তখন পবিত্র আত্মার শক্তি ও প্রজ্ঞা নিয়ে সরাসরি তার মোকাবিলা করতে হয়। এই দুই পরিস্থিতির মধ্যে পার্থক্য বুঝতে সচেষ্ট হোন, আর অশুভ উপস্থিত থাকলে তাকে অশুভ বলে চিহ্নিত করতে ভয় পাবেন না।

প্রভু, আমাকে প্রজ্ঞা ও বিচারবোধ দাও। যারা খোলা মনে শুনতে প্রস্তুত, তাদের সঙ্গে যুক্তিসংগত সমাধান খুঁজতে আমাকে সাহায্য করো। তোমার ইচ্ছা যখন এমনই হয়, তখন তোমার অনুগ্রহে বলিষ্ঠ ও দৃঢ় হওয়ার জন্য প্রয়োজনীয় সাহসও আমাকে দাও। প্রিয় প্রভু, আমি আমার জীবন তোমাকে সমর্পণ করছি; তোমার ইচ্ছামতো আমাকে কাজে লাগাও। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।

অক্টোবর হলো পবিত্র রোজারিমালার মাস

সুসমাচার বিষয়ক আরও ধ্যান

ঐশ করুণা বিষয়ক ধ্যান

সকল সাধুসাধ্বী/পর্বদিন

আজকের সাধু – আসিসির সাধু ফ্রান্সিস
রবিবারে পড়ায় এ বছর ধর্মানুষ্ঠানিক স্মরণোৎসব হিসেবে পালিত হচ্ছে না

খ্রিস্টযাগের পাঠের বিকল্পসমূহ

ছবি: ক্লেরমঁ-ফেরাঁয় অবস্থিত সাঁত-ইউত্রোপ গির্জার রঙিন কাচের চিত্রকর্ম