বাংলা

খ্রিস্টের পুনরাগমন

26 নভেম্বর, 2020
সাধারণ কালের চৌত্রিশতম সপ্তাহের বৃহস্পতিবার
(যুক্তরাষ্ট্রে ধন্যবাদ জ্ঞাপন দিবসের ধ্যানটি দেখুন)

আজকের পাঠসমূহ

“তখন তারা মানবপুত্রকে পরাক্রম ও মহামহিমায় মেঘে করে আসতে দেখবে। কিন্তু এসব লক্ষণ দেখা দিতে শুরু করলে সোজা হয়ে দাঁড়াও এবং মাথা তুলে ধরো, কারণ তোমাদের মুক্তি আসন্ন।”  লূক 21:27-28

চলতি উপাসনাবর্ষের আর মাত্র তিন দিন বাকি।  রবিবার থেকে শুরু হচ্ছে আগমনকাল ও একটি নতুন উপাসনাবর্ষ!  তাই চলতি উপাসনাবর্ষের শেষের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ভবিষ্যতে ঘটতে যাওয়া অন্তিম ও গৌরবময় বিষয়গুলোর দিকে দৃষ্টি নিবদ্ধ করে চলেছি।  বিশেষ করে আজ আমাদের সামনে তুলে ধরা হয়েছে যিশুর গৌরবময় পুনরাগমন—তিনি “পরাক্রম ও মহামহিমায় মেঘে করে” আসবেন।  ওপরের এই বিশেষ পাঠাংশে সবচেয়ে আকর্ষণীয় ও সহায়ক বিষয় হলো, আমাদের আহ্বান জানানো হচ্ছে গভীর আশা ও দৃঢ় প্রত্যয় নিয়ে মাথা উঁচু করে তাঁর গৌরবময় পুনরাগমনকে স্বাগত জানাতে।  

এটি ধ্যান করার মতো একটি গুরুত্বপূর্ণ দৃশ্য।  কল্পনা করার চেষ্টা করুন, যিশু তাঁর সমস্ত জ্যোতি ও মহিমা নিয়ে ফিরে আসছেন।  কল্পনা করার চেষ্টা করুন, তিনি কত বিস্ময়জাগানিয়া ও মহিমান্বিতভাবে আসছেন।  স্বর্গের দূতেরা আমাদের প্রভুকে ঘিরে থাকবেন, আর গোটা আকাশ রূপান্তরিত হবে।  পৃথিবীর সব ক্ষমতা হঠাৎ যিশুর অধীনে চলে যাবে।  সবার দৃষ্টি খ্রিস্টের দিকে ফিরবে এবং সবাই, ইচ্ছায় হোক বা অনিচ্ছায়, সকল রাজার রাজার গৌরবময় উপস্থিতির সামনে নত হবে!

এই ঘটনা সত্যিই ঘটবে।  এটি কেবল সময়ের ব্যাপার।  যিশু অবশ্যই ফিরে আসবেন এবং সবকিছু নতুন হয়ে উঠবে।  প্রশ্ন হলো:  আপনি কি প্রস্তুত থাকবেন?  এই দিনটি কি আপনাকে অপ্রস্তুত অবস্থায় পাবে?  আজই যদি এমনটি ঘটে, আপনার প্রতিক্রিয়া কী হবে?  আপনি কি ভয় পাবেন এবং হঠাৎ উপলব্ধি করবেন যে, কিছু পাপের জন্য আপনার অনুতাপ করা উচিত ছিল?  আমাদের প্রভু যেভাবে চান, সেভাবে নিজের জীবন বদলানোর সময় যে পেরিয়ে গেছে, তা বুঝতে পেরে কি সঙ্গে সঙ্গে কিছু বিষয়ে আপনার আক্ষেপ হবে?  নাকি আপনি তাঁদের একজন হবেন, যাঁরা মাথা উঁচু করে সোজা হয়ে দাঁড়িয়ে আনন্দ ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে আমাদের প্রভুর গৌরবময় পুনরাগমনে উল্লাস করবেন?

আজ ধ্যান করুন, যিশুর গৌরবময় পুনরাগমনের জন্য আপনি কতটা প্রস্তুত।  প্রতি মুহূর্তে প্রস্তুত থাকার জন্য আমাদের আহ্বান জানানো হয়েছে।  প্রস্তুত থাকার অর্থ হলো, তাঁর অনুগ্রহ ও করুণায় পরিপূর্ণভাবে জীবনযাপন করা এবং তাঁর নিখুঁত ইচ্ছা অনুযায়ী চলা।  এই মুহূর্তেই যদি তিনি ফিরে আসেন, আপনি কতটা প্রস্তুত থাকবেন?

প্রভু, তোমার রাজ্য আসুক এবং তোমার ইচ্ছা পূর্ণ হোক।  যিশু, এসো, এখানেই এবং এখনই আমার জীবনে তোমার গৌরবময় রাজ্য প্রতিষ্ঠা করো।  আর আমার জীবনে তোমার রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে, যুগান্তে তোমার গৌরবময় ও পরিপূর্ণ পুনরাগমনের জন্য প্রস্তুত থাকতে আমাকে সাহায্য করো।  যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।

আমাদের আগমনকালের উপকরণগুলো দেখুন!

পবিত্র শাস্ত্র নিয়ে ধ্যান

সুসমাচার বিষয়ক আরও ধ্যান

ঐশ করুণা বিষয়ক ধ্যান

সকল সাধুসাধ্বী/পর্বদিন

যুক্তরাষ্ট্রে ধন্যবাদ জ্ঞাপন দিবসের ধ্যানটি দেখুন

খ্রিস্টযাগের পাঠের বিকল্পসমূহ

ওপরের নির্বাচিত চিত্র: মিকেলাঞ্জেলোর আঁকা শেষ বিচার