আগস্ট 13, 2022
সাধারণ কালের ঊনবিংশ সপ্তাহের শনিবার
আজকের শাস্ত্রপাঠ
সাধু পন্টিয়ান, পোপ, ও সাধু হিপ্পোলিতুস, যাজক, উভয়েই শহিদ—ঐচ্ছিক স্মরণোৎসব

“শিশুদের আমার কাছে আসতে দাও, তাদের বাধা দিয়ো না; কারণ স্বর্গরাজ্য এদের মতো লোকদেরই।” তাদের ওপর হাত রাখার পর তিনি সেখান থেকে চলে গেলেন। মথি 19:14-15
শিশুদের তাঁর কাছে আসতে বাধা দেওয়ার চেষ্টা করায় যিশু তাঁর শিষ্যদের এই মৃদু তিরস্কার করেছিলেন। যিশু স্পষ্ট করে দেন যে এই শিশুরা তাঁর কাছে সত্যিই অমূল্য এবং তিনি চান যেন তাদের প্রত্যেকে স্বর্গরাজ্য লাভ করে।
এই পাঠাংশের যে দিকটি প্রায়ই আমাদের চোখ এড়িয়ে যায়, তা হলো, যিশু শিশুদের ওপর হাত রেখে তাদের জন্য প্রার্থনা করেছিলেন। কী অপার আশীর্বাদ! ভেবে দেখার মতো একটি চমৎকার প্রশ্ন হলো: যিশুর হাত রাখা ও সেই সঙ্গে তাঁর প্রার্থনা এই শিশুদের ওপর কী প্রভাব ফেলেছিল? এই কাজগুলোর মধ্য দিয়ে এই ছোট্ট শিশুরা বিপুল অনুগ্রহ লাভ করেছিল নিশ্চয়ই। কী ঘটছিল তা হয়তো তারা বুঝতে পারেনি, তবুও তারা অনেক অনুগ্রহ লাভ করেছিল।
আমাদের জীবনেও একই কথা সত্য। যিশু একইভাবে সশরীরে আমাদের কাছে এসে আমাদের ওপর হাত রাখছেন এবং আমাদের জন্য প্রার্থনা করছেন—এমন সাক্ষাৎ আমাদের হবে না। কিন্তু আমরা এর চেয়েও অনেক মহৎ কিছু পেয়েছি! জগতের ত্রাণকর্তা পবিত্র খ্রিস্টপ্রসাদে আমাদের কাছে আসেন, আমাদের আত্মায় প্রবেশ করেন এবং আমাদের কল্পনারও অতীত উপায়ে আমাদের পুষ্ট করেন।
পবিত্র খ্রিস্টপ্রসাদে আমাদের কাছে আসা তাঁর ঐশ্বরিক উপস্থিতির শক্তি আমাদের জীবনে গভীর রূপান্তর ঘটানোর জন্য যথেষ্ট। সমস্যা হলো, আমরা প্রায়ই তাঁর অনুগ্রহ ও করুণার প্রতি সম্পূর্ণ উন্মুক্ত না হয়েই তাঁকে গ্রহণ করি। আমরা অনায়াসে তাঁর দেহ, রক্ত, আত্মা ও ঈশ্বরত্ব গ্রহণ করতে এগিয়ে যাই, অথচ তাঁর কোমল করুণার অসীম গভীরতার প্রতি নিজেদের পুরোপুরি উন্মুক্ত করি না।
আজ ধ্যান করুন, পবিত্র খ্রিস্টপ্রসাদে ত্রাণকর্তাকে গ্রহণ করার সময় আপনার আত্মায় তাঁর অন্তরঙ্গ স্পর্শ নিয়ে। সেই মিলনের শক্তির মূল্য অসীম। তিনি আপনাকে যা-কিছু দিতে চান, তার সবকিছু গ্রহণ করতে কি আপনি উন্মুক্ত? তাঁর প্রতি নিজেকে নতুন করে উন্মুক্ত করুন। পরের বার তাঁর ঐশ্বরিক স্পর্শ গ্রহণ করতে এগিয়ে যাওয়ার সময় তাঁকে আপনার আত্মার আরও গভীরে প্রবেশ করতে দেওয়ার চেষ্টা করুন।
হে পবিত্র খ্রিস্টপ্রসাদে বিরাজমান আমার প্রভু, আমি তোমাকে ভালোবাসি এবং পরের বার পবিত্র খ্রিস্টপ্রসাদে তোমাকে গ্রহণ করার সময় আমার হৃদয় আরও সম্পূর্ণভাবে খুলে দিতে চাই। তুমি আমার ওপর যা-কিছু ঢেলে দিতে চাও, তার সবকিছু গ্রহণের জন্য আমি যেন নিজেকে উন্মুক্ত করতে পারি। প্রিয় প্রভু, আমার হৃদয়ে এসো এবং তোমার কোমল স্পর্শে আমার জীবন রূপান্তরিত করো। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।
আজকের সাধু – সাধু পন্তিয়ান, পোপ এবং সাধু হিপ্পোলিতুস, যাজক, উভয়েই শহিদ
প্রচ্ছদ চিত্র: ছোট্ট শিশুদের আমার কাছে আসতে দাও, শিল্পী কার্ল ব্লখ, উইকিমিডিয়া কমন্সের মাধ্যমে




