বাংলা

সম্পূর্ণ আত্মসমর্পণ

সেপ্টেম্বর 4, 2022
সাধারণ কালের ত্রয়োবিংশ রবিবার (বর্ষ গ)
আজকের পাঠসমূহ

ভিডিও

“তোমাদের মধ্যে কেউ একটি মিনার নির্মাণ করতে চাইলে, তা শেষ করার মতো যথেষ্ট অর্থ আছে কি না দেখতে প্রথমে বসে খরচের হিসাব করবে না?”  লূক 14:28

প্রভু আপনার কাছে যা কিছু চান, তার সবকিছুর জন্য কি আপনি প্রস্তুত?  ওপরের এই সংক্ষিপ্ত অলংকারমূলক প্রশ্নের মাধ্যমে যিশু বলছেন যে আপনার প্রস্তুত থাকা উচিত।  আপনি যদি একটি মিনার নির্মাণ করতে যেতেন, তাহলে আশা করা যায়, তা শেষ করার মতো যথেষ্ট সম্বল আছে কি না নিশ্চিত হয়ে আগেই পরিকল্পনা করার বিচক্ষণতা আপনার থাকত।  আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রেও তা-ই।  খ্রিস্টকে অনুসরণ করার সিদ্ধান্ত নিতে আমাদের যে সমস্ত সম্বল প্রয়োজন, তা আমাদের আছে কি না নিশ্চিত করা অপরিহার্য।

এতে প্রশ্ন ওঠে, “খ্রিস্টকে অনুসরণ করতে আমার কী কী সম্বল প্রয়োজন?”  উত্তরটি সহজ।  এই সুসমাচারের শেষে যিশু বলেন, “একইভাবে, তোমাদের মধ্যে যে নিজের সমস্ত সম্পত্তি ত্যাগ করে না, সে আমার শিষ্য হতে পারে না” (লূক 14:33)।  অন্য কথায়, আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা পূরণ করার জন্য প্রয়োজনীয় সবকিছু যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের অবশ্যই সমর্পণ করতে হবে সবকিছু ঈশ্বরের কাছে।

খ্রিস্টের শিষ্য হওয়া এমন কিছু নয়, যা আমরা আধা মন দিয়ে করতে পারি, যদিও অনেকে তা করার চেষ্টা করেন।  আমরা যখন তাঁকে অনুসরণ করার সিদ্ধান্ত নিই, তখন তা অবশ্যই হতে হবে সর্বান্তঃকরণে।  বলা যায়, আমাদের সম্পূর্ণভাবে নিজেদের সঁপে দিতে হবে।  তা না হলে, আমাদের প্রভু আমাদের কাছে যা কিছু চান, তার সব আমরা কখনোই সম্পন্ন করতে পারব না।  তিনি আমাদের কাছ থেকে সবকিছু চান—এই অর্থে তিনি এমন ঈশ্বর, যাঁর দাবি অনেক।  কিন্তু আমাদের প্রভুর এই দাবি সম্পূর্ণভাবে আমাদেরই মঙ্গলের জন্য।  জীবনে সুখ ও পরিপূর্ণতা পেতে চাইলে আমাদের সবকিছু তাঁকে দিতে হবে।

আজ ভেবে দেখুন, আপনার জীবনের প্রতিটি অংশ খ্রিস্টকে দিতে আপনি কতটা প্রস্তুত ও ইচ্ছুক।  যা-ই ঘটুক না কেন, আপনি কি তাঁকে “হ্যাঁ” বলতে ইচ্ছুক?  তিনি যদি চান, তাহলে আপনি কি কিছুই নিজের কাছে না রেখে “আপনার সমস্ত সম্পত্তি ত্যাগ করতে” ইচ্ছুক?  আপনার অনেক কিছু থাকতে পারে, আর আমাদের প্রভু হয়তো আপনাকে আক্ষরিক ও বাস্তব অর্থে সমস্ত সম্পত্তি ছেড়ে দিতে আহ্বান না-ও করতে পারেন; তবু আপনার যা কিছু আছে এবং আপনার সমগ্র সত্তা আপনাকে তাঁর কাছে সমর্পণ করতে হবে।  কেবল তখনই তিনি আপনাকে তাঁর পরম গৌরবময় ইচ্ছা পূরণ করার জন্য যা প্রয়োজন, তা দিতে পারবেন।

প্রভু, আমার জীবন তোমার।  আমার জীবনের সবকিছু নিঃসংকোচে তোমার কাছে সমর্পণ করার অনুগ্রহ আমাকে দাও।  আমি তোমার কাছে সমর্পণ করছি আমার জীবন, আমার অর্থসম্পদ, আমার সম্পত্তি, আমার পরিবার, আমার শ্রম এবং আমার সমগ্র ভবিষ্যৎ।  প্রিয় প্রভু, সবই তোমার।  আমাকে নিয়ে তোমার যা ইচ্ছা, তা-ই করো।  যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।

রবিবারের আরও ভিডিও ধ্যান

সুসমাচার বিষয়ক আরও ধ্যান

ঐশ করুণা বিষয়ক ধ্যান

সাধারণ কালের জন্য পবিত্র শাস্ত্রের ধ্যান

সকল সাধুসাধ্বী/পর্বদিন

খ্রিস্টযাগের পাঠের বিকল্পসমূহ

ওপরের নির্বাচিত চিত্র: জেরুসালেম জেরুসালেম — শিল্পী জেমস টিসো, উইকিমিডিয়া কমন্সের মাধ্যমে