বাংলা

একগুঁয়েমির বিপদ

জুন 3, 2023
সাধারণ কালের অষ্টম সপ্তাহের শনিবার
আজকের শাস্ত্রপাঠ

সাধু চার্লস লোয়াঙ্গা ও তাঁর সঙ্গী শহিদগণ—স্মরণোৎসব

ভিডিও

“আমি তোমাদের একটি প্রশ্ন করব। আমাকে উত্তর দাও, তাহলে আমিও তোমাদের বলব, কোন অধিকারে আমি এসব করছি। যোহনের বাপ্তিস্মের উৎস কি স্বর্গ, না মানুষ? আমাকে উত্তর দাও।” মার্ক 11:29–30

প্রধান যাজকেরা, শাস্ত্রবিদেরা ও প্রবীণেরা মন্দিরপ্রাঙ্গণে যিশুর কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন, তিনি যা যা করছিলেন, তা কোন অধিকারে করছিলেন। তখন যিশু তাঁদের এই উত্তর দেন। আর যিশু কী করেছিলেন? আগের দিন যিশু মন্দিরে গিয়ে মুদ্রাবিনিময়কারীদের তাড়িয়ে দিয়েছিলেন এবং তাঁদের বলেছিলেন, “এ কি লেখা নেই: ‘আমার গৃহ সকল জাতির জন্য প্রার্থনার গৃহ বলে পরিচিত হবে’? কিন্তু তোমরা একে চোরদের আখড়া বানিয়েছ।” এতে ধর্মীয় নেতারা প্রচণ্ড ক্ষুব্ধ হলেন এবং কীভাবে যিশুকে হত্যা করা যায়, তা নিয়ে সঙ্গে সঙ্গেই আলোচনা শুরু করলেন।

প্রথমে সেই থমথমে পরিস্থিতির কথা ভাবুন। তাঁরা সত্যিই ঈশ্বরের পুত্র যিশুকে হত্যা করার ষড়যন্ত্র করছিলেন। তাঁরা ঘৃণা ও ঈর্ষায় পরিপূর্ণ ছিলেন এবং তাঁকে বিশ্বাস করতে অস্বীকার করেছিলেন। যিশু তাঁদের হৃদয়ের কঠোরতা দেখলেন এবং তাঁদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে নিজের প্রশ্নের উত্তর দিতে বলে তাঁদের এক কঠিন অবস্থায় ফেললেন। যিশু কেন এমন করলেন?

যিশু তাঁদের যে প্রশ্নটি করেছিলেন, তা আসলে ছিল তাঁর মহাকরুণার প্রকাশ। তিনি তাঁদের মন পরিবর্তনের সুযোগ দিয়েছিলেন। তাঁরা যদি শুধু বিনম্র বিশ্বাস ও সততার সঙ্গে তাঁর প্রশ্নের উত্তর দিতেন, তাহলে নিজেদের জীবন রক্ষা করতে পারতেন। কিন্তু তা না করে তাঁরা তাঁর প্রশ্নটি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করলেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার মতো উত্তর দিলেন। তাঁরা ভয় পাচ্ছিলেন, যদি বলেন যে যোহনের বাপ্তিস্মের উৎস মানুষ, ঈশ্বর নন, তাহলে লোকেরা তাঁদের বিরুদ্ধে চলে যাবে। তাই তাঁরা শুধু বললেন, “আমরা জানি না।” কিন্তু কল্পনা করুন, তাঁরা যদি সঠিক উত্তর দিতেন, তাহলে কী হতো। তাঁরা যদি নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছাতেন যে যোহনের বাপ্তিস্ম সত্যিই ঈশ্বরের কাছ থেকে এসেছিল এবং তাঁদের উচিত ছিল তাঁকে বিশ্বাস করা, তাহলে কী হতো? তাঁরা যদি শুধু নিজেদের নত করতেন এবং স্বীকার করতেন যে যোহনের বিষয়ে তাঁরা গুরুতর ভুল করেছিলেন, তাহলে যিশু তাঁদের প্রশ্নের উত্তর দিতেন এবং সত্য বিশ্বাসে তাঁদের জীবন শুরু হতে পারত। কিন্তু তাঁরা তা করেননি। তাঁরা একগুঁয়ে হয়েই রইলেন। তাঁরা স্বীকার করতে পারলেন না যে তাঁরা ভুল ছিলেন।

একগুঁয়েমি সবচেয়ে বিপজ্জনক পাপগুলোর একটি। এটি এমন এক পাপ, যা ক্ষমা করা যায় না, কারণ এর মূলে রয়েছে পরিবর্তিত হতে অস্বীকৃতি। আর যখন কেউ নিজের পাপ স্বীকার করতে অস্বীকার করেন এবং পরিবর্তিত হতেও অস্বীকার করেন, তখন ঈশ্বর তাঁকে সাহায্য করতে পারেন না। তিনি নিজের পাপেই পথ হারিয়ে থাকেন এবং তার পরিণতি ভোগ করেন।

আপনি কি জীবনে একগুঁয়েমির সঙ্গে লড়াই করেন? আপনি ভুল করলে তা স্বীকার করা কি আপনার জন্য কঠিন হয়? অন্যের কাছে ক্ষমা চাওয়া এবং নিজেকে বদলানোর চেষ্টা করা কি আপনার জন্য কঠিন হয়?

আজ এমন যেকোনো বিষয় নিয়ে ধ্যান করুন, যে বিষয়ে আপনি এখনো একগুঁয়ে হয়ে আছেন। বিশ্বাসের এমন কোনো বিষয় কি আছে, যা আপনি বিশ্বাস করতে অস্বীকার করেন? এমন কোনো ভেঙে যাওয়া সম্পর্ক কি আছে, যা আপনি বিনম্রভাবে পুনরুদ্ধার করতে অস্বীকার করেন? আপনি কি নিজের পাপকে ন্যায্য বলে দেখান এবং নিজের অপরাধ ও পরিবর্তনের প্রয়োজন স্বীকার করতে অস্বীকার করেন? একটি বিনম্র হৃদয়ের দানের জন্য আমাদের প্রভুর কাছে প্রার্থনা করুন। অনেক দিক থেকেই বিনম্রতা হলো ঈশ্বরের সামনে নিজের ও অন্যদের সঙ্গে সম্পূর্ণ সৎ থাকা ছাড়া আর কিছু নয়। এই ধর্মীয় নেতাদের দৃষ্টান্ত অনুসরণ করবেন না। বিনম্রভাবে আপনার হৃদয় থেকে সমস্ত একগুঁয়েমি দূর করার চেষ্টা করুন, যাতে আমাদের প্রভু সেখানে প্রবেশ করতে পারেন এবং আপনার জীবনে তাঁর করুণা নিয়ে আসতে পারেন।

আমার অবিচল যিশু, যারা গর্বিত, অহংকারী ও একগুঁয়ে, তুমি প্রবল শক্তি ও ভালোবাসা নিয়ে তাদের মুখোমুখি হও। তাদের অন্তরের একগুঁয়েমি কাটিয়ে উঠতে সাহায্য করার জন্যই তুমি তা করো। প্রিয় প্রভু, আমাকে বিনম্রতার অনুগ্রহ দাও, যেন আমি সবসময় নিজের পাপ স্বীকার করতে পারি এবং ভালোবাসা নিয়ে তোমার দিকে ফিরে আসতে পারি। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।

সুসমাচার বিষয়ক আরও ধ্যান

ঐশ করুণা বিষয়ক ধ্যান

সাধারণ কালের জন্য পবিত্র শাস্ত্রের ধ্যান

সকল সাধুসাধ্বী/পর্বদিন

আজকের সাধু – সাধু চার্লস লোয়াঙ্গা ও তাঁর সঙ্গী শহিদগণ

খ্রিস্টযাগের পাঠের বিকল্পসমূহ

উপরের নির্বাচিত চিত্র: প্রধান যাজকেরা যিশুকে জিজ্ঞেস করেন, কোন অধিকারে তিনি এভাবে কাজ করেন। শিল্পী: জেমস টিসো, উইকিমিডিয়া কমন্সের মাধ্যমে