বাংলা

একজন প্রকৃত নেতা

রবিবার, 21 অক্টোবর, 2018

সাধারণ কালের ঊনত্রিশতম রবিবার, বর্ষ খ

আজকের পাঠসমূহ

আজকের সকল সাধুসন্ত

যিশু [সেই বারোজনকে] ডেকে তাঁদের বললেন, “তোমরা জানো, যারা অইহুদিদের শাসক বলে স্বীকৃত, তারা তাদের ওপর প্রভুত্ব করে, আর তাদের প্রধান ব্যক্তিরা তাদের ওপর নিজেদের কর্তৃত্বের দাপট দেখায়। কিন্তু তোমাদের মধ্যে এমন হবে না। বরং, তোমাদের মধ্যে যে মহান হতে চায়, সে তোমাদের সেবক হবে; তোমাদের মধ্যে যে প্রথম হতে চায়, সে সকলের ক্রীতদাস হবে।”  মার্ক 10:42-44

এ কথা বলা নিশ্চয়ই সহজ, কিন্তু কাজে করা কঠিন। এই অংশে এমন একটি গুরুতর প্রলোভনের কথা প্রকাশ পেয়েছে, যাতে “যাঁরা শাসক বলে স্বীকৃত” তাঁরা পড়তে পারেন। এটি হলো ক্ষমতার অপব্যবহার করার এবং বিনম্রভাবে নেতৃত্ব না দেওয়ার প্রলোভন।

উদাহরণস্বরূপ, ঐতিহ্য অনুসারে, লুসিফার ও মন্দ আত্মাদের পতনের মূলে ছিল ক্ষমতার আকাঙ্ক্ষা। “আমি সেবা করব না”—এই কথাগুলো লুসিফারের উক্তি বলে প্রচলিত। অন্য কথায়, এই পতিত স্বর্গদূতদের মধ্যে ক্ষমতা লাভের এবং অন্যদের কাছ থেকে সেবা পাওয়ার আকাঙ্ক্ষা ছিল বাস্তব ও অত্যন্ত প্রবল। আমাদের প্রত্যেকের ক্ষেত্রেও এমনটি ঘটে।

অন্যদের ওপর আমাদের বড় কোনো ক্ষমতা না-ও থাকতে পারে, তবু খুব সম্ভবত আমাদের সবাইকেই ক্ষমতার আকাঙ্ক্ষার সঙ্গে লড়াই করতে হবে। প্রায় যেকোনো পরিস্থিতিতেই এমনটি ঘটতে পারে। যেমন, বন্ধুত্বের কথাই ধরুন। খুব প্রায়ই কোনো বিষয়ে সামান্যতম মতভেদ হলেই আমরা চাই সবকিছু আমাদের ইচ্ছামতো হোক। আমরা কর্তৃত্ব করতে চাই। অথবা পারিবারিক জীবনের উদাহরণ নিন। কতজন অন্যদের সেবা করার এবং বিনম্রভাবে অন্যদের ইচ্ছা মেনে নেওয়ার আকাঙ্ক্ষা নিয়ে পারিবারিক জীবনে প্রবেশ করেন? এ কাজ করা কঠিন। এর চেয়ে নিজেই কর্তা হতে চাওয়া এবং কোন পরিস্থিতিতে কী হবে, তা অন্যদের নির্দেশ দেওয়া অনেক সহজ।

ওপরের অংশে যিশু তাঁর প্রেরিতদের স্পষ্ট করে বলেন যে, অন্যদের ওপর তাঁদের “কর্তৃত্ব” প্রয়োগ করার সময় তাঁরা যেন অন্যদের সেই কর্তৃত্ব “টের পাইয়ে” না দেন। অন্য কথায়, যিশু তাঁর প্রেরিতদের বলপ্রয়োগ, ভয় দেখানো, কৌশলে অন্যদের নিয়ন্ত্রণ করা বা অন্য কোনো কঠোর উপায়ে কর্তৃত্ব খাটিয়ে নেতা হতে আহ্বান করছিলেন না। যিশু যে কর্তৃত্ব চেয়েছিলেন, তা ছিল একেবারেই ভিন্ন।

খ্রিস্টীয় কর্তৃত্বের কেন্দ্রে রয়েছে ভালোবাসা ও বিনয়।  এটি এমন এক “নেতৃত্ব”, যা প্রকৃত বিনয়ের মধ্য দিয়ে যাপন করা হয়।  এই নেতৃত্ব অন্যদের হৃদয়, মন ও ইচ্ছাকে জয় করে এবং প্রেম ও ভালোবাসার পথে অনুসরণ করতে তাদের আমন্ত্রণ জানায়।  পরিবারে, বন্ধুদের মধ্যে, মণ্ডলীতে এবং সমাজে এমনটিই ঘটতে হবে। 

আজ ভেবে দেখুন, আপনি কীভাবে অন্যদের নেতৃত্ব দেন। আপনি কি “কর্তা” হতে চান এবং আশা করেন যে আপনার কর্তৃত্বের কারণে অন্যরা আপনাকে অনুসরণ করবে? নাকি আপনি বিনম্রতা ও ভালোবাসার মধ্য দিয়ে অন্যদের নেতৃত্ব দেন এবং আপনার সদ্‌গুণের মাধ্যমে তাঁদের খ্রিস্টের কাছে টেনে আনেন? যিশুর অভিপ্রায় অনুযায়ী খ্রিস্টীয় নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার করুন। আপনার পরিবারে, বন্ধুদের মধ্যে এবং বৃহত্তর সমাজে এর প্রভাব দেখে আপনি বিস্মিত হবেন।

প্রভু, আমাকে একজন বিনয়ী নেতা হতে সাহায্য করো।  তোমার ভালোবাসা ও করুণায় ভরা হৃদয়ের আলো ছড়িয়ে দিতে এবং তোমার করুণাময় হৃদয়ের মঙ্গলভাব ও দয়ার মধ্য দিয়ে নেতৃত্ব দিতে আমাকে সাহায্য করো।  সমস্ত অহংকার ও আত্মকেন্দ্রিকতা ত্যাগ করে সকলের সেবক হতে আমাকে সাহায্য করো।  যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।

আরও>>>