বাংলা

সংকীর্ণ দ্বার

রবিবার, 25 আগস্ট, 2019

সাধারণ কালের একবিংশ রবিবার, বর্ষ গ

আজকের পাঠসমূহ

সাধু লুই অথবা সাধু যোসেফ কালাসাঞ্জ, যাজক – ঐচ্ছিক স্মৃতিপর্ব

“সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করার জন্য প্রাণপণ চেষ্টা করো, কারণ আমি তোমাদের বলছি, অনেকে প্রবেশ করার চেষ্টা করবে, কিন্তু তাদের যথেষ্ট শক্তি থাকবে না।” লূক 13:24

এই বাণী আমাদের কী বলে? এটি প্রকাশ করে যে আমরা নিজেদের ইচ্ছায় বা নিজেদের প্রচেষ্টায় স্বর্গে প্রবেশ করতে পারি না। তাছাড়া, এটি আমাদের বলে যে কেউ কেউ নিজেদের প্রচেষ্টায় স্বর্গে পৌঁছানোর চেষ্টা করলেও এই পন্থা কাজে আসবে না। মৃত্যুর পরে আমাদের প্রভুর সঙ্গে দেখা হলে তারা অবাক হয়ে দেখবে যে তারা তাঁর রাজ্যের সদস্য নয়।

আমাদের প্রভুর এই স্পষ্ট ও কিছুটা চমকে দেওয়ার মতো কথাটি শুনে আপনার একটু থেমে নিজের জীবনের দিকে তাকানো উচিত, যাতে আপনি যে পথে চলছেন, তা আন্তরিকভাবে ও বিনয়ের সঙ্গে যাচাই করতে পারেন।  কেউ কেউ যে সত্যিই এই অভিজ্ঞতার মুখোমুখি হবে, সে বিষয়ে যিশুর সরাসরি ও স্পষ্ট কথা যেন আপনার চোখ খুলে দেয়, যাতে আপনি সৎভাবে যাচাই করতে পারেন, তিনি আপনার সম্পর্কেই বলছেন কি না। 

কখনো কখনো সত্যের মুখোমুখি হতে এবং আমরা খ্রিস্টের চেয়ে নিজেদের ওপর বেশি নির্ভর করার চেষ্টা করছি কি না, তা স্বীকার করতে প্রকৃত নম্রতা প্রয়োজন। “সংকীর্ণ দ্বার” হলো সেই দ্বার, যা দিয়ে নম্র মানুষেরা প্রবেশ করেন। অহংকার ও আত্মনির্ভরতার মনোভাব আমাদের স্বর্গে যাওয়ার নিজস্ব পথ তৈরি করার চেষ্টায় চালিত করে। কিন্তু এই পথ কখনোই সঠিক নয়।

“সংকীর্ণ দ্বার” দিয়ে প্রবেশ করার অর্থ এ-ও যে আমরা ঈশ্বরের কথা শুনি। তিনি ঐশ মেষপালক হিসেবে সবসময় কোমলভাবে আমাদের ডাকছেন। কেবল তাঁর কণ্ঠস্বরের প্রতি মনোযোগী হলেই আমরা জানতে পারব, তিনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন। কেবল তখনই আমরা সেই একমাত্র সংকীর্ণ দ্বার দিয়ে যাওয়ার পথ খুঁজে পাব।

আজ সেই মুহূর্তের কথা ধ্যান করুন, যখন আপনি আমাদের প্রভুর মুখোমুখি হবেন। সেই সাক্ষাৎ কেমন হবে? তিনি কি দুহাত বাড়িয়ে আপনাকে স্বাগত জানিয়ে বলবেন, “সাবাশ, উত্তম ও বিশ্বস্ত সেবক, তোমার পুরস্কার গ্রহণ করতে প্রবেশ করো।” নাকি তিনি বলবেন, “আমি তোমাকে চিনি না।” এখনই সময়, আমাদের ঐশ প্রভুর শক্তির ওপরই কেবল নির্ভর করার চেষ্টা করতে করতে, নিজের বিশ্বাসের জীবনকে সৎভাবে যাচাই করার।

প্রভু, আমি সত্যিই সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করতে চাই।  তোমার যে কোমল কণ্ঠ আমাকে স্বর্গের দিকে নিয়ে যায়, আমি সেই কণ্ঠ অনুসরণ করার সিদ্ধান্ত নিচ্ছি।  যা কিছু আমাকে নিজের ওপর নির্ভর করতে শেখায়, তা সব ছেড়ে দিয়ে জীবনে বিনম্র থাকতে আমাকে সাহায্য করো।  প্রিয় প্রভু, আমি যেন শুধু তোমার ওপরই নির্ভর করি এবং সব বিষয়ে তোমার ওপর ভরসা রাখি।  যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।

সুসমাচার বিষয়ক আরও ধ্যান

ঐশ করুণা বিষয়ক ধ্যান

আজকের সাধুগণ –সাধু লুই – সাধু যোসেফ কালাসাঞ্জ