18 জানুয়ারি, 2020
সাধারণ কালের প্রথম সপ্তাহের শনিবার
আজকের পাঠসমূহ

“তিনি কেন কর আদায়কারী ও পাপীদের সঙ্গে খাওয়াদাওয়া করেন?” যিশু এই কথা শুনে তাদের বললেন, “সুস্থদের চিকিৎসকের প্রয়োজন নেই, কিন্তু অসুস্থদের আছে। আমি ধার্মিকদের নয়, পাপীদের ডাকতে এসেছি।” মার্ক 2:16-17
যিশু তা করেছেন, আর আপনি? যারা “পাপী”, তাদের সঙ্গে আপনাকে দেখা যাক—এতে কি আপনি রাজি? পবিত্র শাস্ত্রের এই অংশে লক্ষ করার মতো বিষয় হলো, প্রত্যেকেই পাপী। তাই সত্য হলো, যিশু যাদের সঙ্গে মেলামেশা করেছেন, তাদের প্রত্যেকেই পাপী ছিল।
কিন্তু এই অংশে যিশুর বিরুদ্ধে সমালোচনার মূল বিষয় এতটা ছিল না যে তিনি পাপ করেছে এমন লোকদের সঙ্গে মেলামেশা করতেন; বরং বিষয়টি ছিল, তিনি এমন লোকদের সঙ্গে মেলামেশা করতেন যাদের সমাজের অভিজাতরা তুচ্ছ করত। যিশু এই “অবাঞ্ছিত” লোকদের সঙ্গে অবাধে সময় কাটাতেন। অন্যেরা যাদের অবজ্ঞা করত, তাদের সঙ্গে তাঁকে দেখা গেলে তিনি ভয় পেতেন না। শাস্ত্রী ও ফরিশীরা খুব তাড়াতাড়িই লক্ষ করল যে যিশু ও তাঁর শিষ্যরা এই লোকদের সাদরে গ্রহণ করতেন। তাঁরা কর আদায়কারী, যৌন পাপে লিপ্ত ব্যক্তি, চোর ও এই ধরনের অন্য লোকদের সঙ্গে খাওয়াদাওয়া করতেন। শুধু তা-ই নয়, দৃশ্যত তাঁরা এই লোকদের দোষী না ঠাওরিয়েই সাদরে গ্রহণ করতেন।
তাই শুরুর প্রশ্নে ফিরে আসি…যারা জনপ্রিয় নন, যাদের জীবন এলোমেলো, যারা কষ্টে আছেন, বিভ্রান্ত এবং এই ধরনের অন্য মানুষদের সঙ্গে আপনাকে দেখা যাক ও আপনি তাঁদের সঙ্গে মেলামেশা করুন—এতে কি আপনি রাজি? অভাবগ্রস্ত ও অসহায় মানুষদের ভালোবাসেন ও তাঁদের যত্ন নেন বলে নিজের সুনাম ক্ষুণ্ন হতেও কি আপনি রাজি? এমন কারও সঙ্গে বন্ধুত্ব করতেও কি আপনি প্রস্তুত, যার কারণে আপনার সামাজিক সুনাম নষ্ট হবে?
আজ আপনার জীবনের এমন একজনের কথা ভেবে দেখুন, যাঁকে হয়তো আপনার এড়িয়ে চলতে ইচ্ছা করে। কেন এমন হয়? এমন কে আছেন, যাঁর সঙ্গে আপনাকে দেখা যাক তা হয়তো আপনি চান না, অথবা যাঁর সঙ্গে সহজে মেলামেশা করতে চান না? এমনও হতে পারে যে, অন্য সবার চেয়ে এই ব্যক্তির সঙ্গেই যিশু চান আপনি সময় কাটান।
প্রভু, তুমি সকল মানুষকে গভীর ও পরিপূর্ণ ভালোবাসায় ভালোবাসো। বিশেষ করে যাদের জীবন ভেঙে পড়েছিল ও পাপে পূর্ণ ছিল, তাদের জন্যই তুমি এসেছিলে। যারা অভাবগ্রস্ত ও অসহায়, তাদের সর্বদা খুঁজে নিতে এবং কাউকে দোষী না ঠাওরিয়ে সকল মানুষকে অবিচল ভালোবাসায় ভালোবাসতে আমাকে সাহায্য করো। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।




