19 জানুয়ারি, 2020
সাধারণ কালের দ্বিতীয় রবিবার, বর্ষ A
আজকের পাঠসমূহ

যোহন বাপ্তিস্মদাতা যিশুকে তাঁর দিকে আসতে দেখে বললেন, “ওই দেখো, ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ হরণ করেন। ইনিই সেই ব্যক্তি, যাঁর সম্বন্ধে আমি বলেছিলাম, ‘আমার পরে একজন আসছেন, যিনি মর্যাদায় আমার ঊর্ধ্বে, কারণ তিনি আমার আগে থেকেই ছিলেন।’” যোহন 1:29-30
সত্যিই, যিশু সম্বন্ধে সাধু যোহন বাপ্তিস্মদাতার যে অন্তর্দৃষ্টি ছিল, তা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক, রহস্যময় ও বিস্ময়কর। যিশুকে তাঁর দিকে আসতে দেখেই তিনি সঙ্গে সঙ্গে যিশু সম্বন্ধে ঈশ্বরের প্রকাশিত তিনটি সত্য ঘোষণা করেন: 1) যিশু হলেন ঈশ্বরের মেষশাবক; 2) যিশু মর্যাদায় যোহনের ঊর্ধ্বে; 3) যিশু যোহনের আগে থেকেই ছিলেন।
যোহন কীভাবে এসব জানতেন? যিশু সম্বন্ধে এত গভীর কথাগুলোর উৎস কী ছিল? খুব সম্ভবত যোহন সেই সময়ের পবিত্র শাস্ত্র অধ্যয়ন করেছিলেন এবং আগেকার নবীরা আসন্ন মশীহ সম্বন্ধে যে অনেক কথা বলেছিলেন, সেগুলো জানতেন। তিনি নিশ্চয়ই সামসংগীত ও প্রজ্ঞার গ্রন্থগুলো জানতেন। কিন্তু সবার আগে ও সবচেয়ে বড় কথা হলো, যোহন যা জানতেন, তা বিশ্বাসের দানের মাধ্যমেই জানতেন। ঈশ্বরের দেওয়া প্রকৃত আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি তাঁর ছিল।
এই সত্য শুধু যোহনের মহত্ত্ব ও তাঁর বিশ্বাসের গভীরতাই প্রকাশ করে না, বরং জীবনে আমাদের যে আদর্শের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে, তা-ও প্রকাশ করে। ঈশ্বরের দেওয়া প্রকৃত আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির আলোকে প্রতিদিন চলার জন্য আমাদের চেষ্টা করতে হবে।
এর অর্থ এই নয় যে আমাদের প্রতিদিন এমন কোনো অবস্থায় বেঁচে থাকতে হবে, যেখানে ঈশ্বরের প্রকাশ, নবীসুলভ দর্শন ও মরমি অভিজ্ঞতা সুস্পষ্টভাবে উপস্থিত থাকবে। অন্যদের চেয়ে শ্রেষ্ঠ জ্ঞান লাভের প্রত্যাশা করা উচিত—এমনও নয়। কিন্তু পবিত্র আত্মার দানগুলোর প্রতি আমাদের উন্মুক্ত থাকা উচিত, যাতে জীবন সম্বন্ধে এমন জ্ঞান ও উপলব্ধি লাভ করতে পারি, যা কেবল মানবীয় যুক্তি নিজের চেষ্টায় অর্জন করতে পারে না।
যোহন স্পষ্টতই প্রজ্ঞা, বোধশক্তি, সুমন্ত্রণা, জ্ঞান, মনোবল, শ্রদ্ধাভক্তি ও বিস্ময়ে পরিপূর্ণ ছিলেন। পবিত্র আত্মার এই দানগুলো তাঁকে ঈশ্বরের অনুগ্রহে পুষ্ট জীবন যাপন করার সামর্থ্য দিয়েছিল। যোহন এমন সব বিষয় জানতেন ও বুঝতেন, যা কেবল ঈশ্বরই প্রকাশ করতে পারেন। তিনি এমন গভীর অনুরাগ ও নিজের ইচ্ছার সমর্পণের সঙ্গে যিশুকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন, যা কেবল ঈশ্বরই অনুপ্রাণিত করতে পারেন। খুব স্পষ্টভাবেই, ঈশ্বরের সঙ্গে তাঁর মিলনের ফল ছিল যোহনের পবিত্রতা।
আজ যিশু সম্বন্ধে যোহনের এই অসাধারণ অন্তর্দৃষ্টিপূর্ণ উক্তিটি নিয়ে ধ্যান করুন। যোহন যা জানতেন, তা কেবল এই কারণেই জানতেন যে ঈশ্বর তাঁর জীবনে সক্রিয়ভাবে উপস্থিত থেকে তাঁকে পথ দেখাচ্ছিলেন এবং এই সত্যগুলো প্রকাশ করছিলেন। আজ যোহনের গভীর বিশ্বাস অনুসরণ করার অঙ্গীকার করুন এবং ঈশ্বর আপনাকে যা কিছু বলতে চান, তার সবকিছুর প্রতি উন্মুক্ত থাকুন।
আমার পরম প্রিয় প্রভু যিশু, আমাকে অন্তর্দৃষ্টি ও প্রজ্ঞা দাও, যেন তোমাকে জানতে পারি এবং তোমার প্রতি বিশ্বাস রাখতে পারি। তুমি কে—সেই মহান ও সম্ভ্রমজাগানো রহস্য যেন প্রতিদিন আরও পূর্ণভাবে উপলব্ধি করতে পারি, সেজন্য আমাকে সাহায্য করো। আমি তোমাকে ভালোবাসি, হে আমার প্রভু, আর প্রার্থনা করি, যেন তোমাকে আরও বেশি জানতে ও ভালোবাসতে পারি। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।




