বাংলা

নিজের প্রতি সৎ থাকা

26 আগস্ট, 2020
সাধারণ কালের একবিংশ সপ্তাহের বুধবার
আজকের পাঠসমূহ

যিশু বললেন, “ধিক তোমাদের, শাস্ত্রী ও ফরিশিরা, ভণ্ডের দল! তোমরা চুনকাম করা সমাধির মতো, যা বাইরে থেকে সুন্দর দেখায়, কিন্তু ভেতরে মৃত মানুষের হাড় ও সব রকমের অশুচিতায় ভরা। তেমনি তোমরাও বাইরে থেকে ধার্মিক বলে প্রতীয়মান হও, কিন্তু ভেতরে ভণ্ডামি ও দুষ্কর্মে পূর্ণ।”  মথি 23:27-28

কী তীব্র কথা!  আবারও আমরা দেখছি, যিশু ফরিশিদের সঙ্গে অত্যন্ত সরাসরি কথা বলছেন।  তাদের নিন্দা করতে তিনি একটুও রাখঢাক করছেন না।  তাদের “চুনকাম করা” এবং “সমাধি”—দুইভাবেই বর্ণনা করা হয়েছে।  তারা “চুনকাম করা”, কারণ বাইরে থেকে যেন তাদের পবিত্র বলে মনে হয়, সে জন্য তারা সাধ্যের সবকিছুই করে।  তারা “সমাধি”, কারণ তাদের ভেতরে নোংরা পাপ ও মৃত্যু বাস করে।  যিশু এর চেয়ে আরও কতটা সরাসরি কথা বলতে পারতেন এবং আরও কতটা কঠোরভাবে তাদের নিন্দা করতে পারতেন, তা কল্পনা করা কঠিন।  

এ থেকে আমরা একটি বিষয় বুঝতে পারি: যিশু পরম সৎ একজন মানুষ।  যা যেমন, তিনি তা তেমনই বলেন এবং কথার মারপ্যাঁচ করেন না।  আর তিনি মিথ্যা প্রশংসা করেন না, কিংবা সবকিছু ঠিক না থাকলেও ঠিক আছে বলে ভান করেন না।

আপনার বেলায় কী বলবেন?  আপনি কি সম্পূর্ণ সততার সঙ্গে চলতে পারেন?  না, যিশু যা করেছিলেন, তা করে অন্যদের নিন্দা করা আমাদের কাজ নয়; কিন্তু যিশুর কাজ থেকে শিক্ষা নিয়ে তা আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করা উচিত!  আপনি কি নিজের জীবনের দিকে তাকিয়ে যা যেমন, তা তেমনই বলতে প্রস্তুত ও ইচ্ছুক?  আপনার আত্মার অবস্থা নিয়ে নিজের কাছে ও ঈশ্বরের কাছে সৎ থাকতে কি আপনি প্রস্তুত ও ইচ্ছুক?  সমস্যা হলো, আমরা প্রায়ই তা থাকি না।  আমরা প্রায়ই সবকিছু ঠিক আছে এমন ভান করে চলি এবং আমাদের ভেতরে লুকিয়ে থাকা “মৃত মানুষের হাড় ও সব রকমের অশুচিতা” উপেক্ষা করি।  তা দেখতে ভালো লাগে না, আর স্বীকার করাও সহজ নয়।  

তাই আবারও প্রশ্ন করি, আপনার বেলায় কী বলবেন?  আপনি কি সৎভাবে নিজের আত্মার দিকে তাকিয়ে যা দেখেন, তা স্পষ্ট করে বলতে পারেন?  আশা করি, আপনি সেখানে মঙ্গল ও সদ্‌গুণ দেখতে পাবেন এবং তাতে আনন্দিত হবেন।  কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন, পাপও দেখতে পাবেন।  আশা করি, তা ফরিশিদের মধ্যে থাকা “সব রকমের অশুচিতা”-র পর্যায়ে হবে না।  তবুও, আপনি সৎ হলে এমন কিছু ময়লা দেখতে পাবেন, যা পরিষ্কার করা দরকার।

আজ ভাবুন, আপনি কতটা ইচ্ছুক 1) আপনার জীবনের অশুচিতা ও পাপকে সৎভাবে চিহ্নিত করতে এবং 2) তা কাটিয়ে ওঠার জন্য আন্তরিকভাবে চেষ্টা করতে।  এমন অবস্থা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না, যখন যিশু বাধ্য হয়ে বলে উঠবেন, “ধিক তোমাদের!”

প্রভু, প্রতিদিন সৎভাবে আমার নিজের জীবনের দিকে তাকাতে আমাকে সাহায্য করো।  আমার মধ্যে তুমি যে সদ্‌গুণগুলো গড়ে তুলেছ, শুধু সেগুলোই নয়, আমার পাপের ফলে যে অশুচিতা সেখানে রয়েছে, তা-ও দেখতে আমাকে সাহায্য করো।  আমি যেন সেই পাপ থেকে শুচি হওয়ার চেষ্টা করি, যাতে তোমাকে আরও পূর্ণভাবে ভালোবাসতে পারি।  যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।

সুসমাচার বিষয়ক আরও ধ্যান

ঐশ করুণা বিষয়ক ধ্যান

আজকের সাধুসাধ্বী/পর্বসমূহ

খ্রিস্টযাগের পাঠের বিকল্পসমূহ

চিত্র: জেমস টিসোর আঁকা ‘ধিক তোমাদের, শাস্ত্রী ও ফরিশিরা’