বাংলা

দ্বিধা

সেপ্টেম্বর 30, 2020
সাধারণ কালের ষড়বিংশ সপ্তাহের বুধবার
আজকের পাঠসমূহ

সন্ত জেরোম, যাজক ও ধর্মাচার্য—স্মরণোৎসব

আর একজন বলল, “প্রভু, আমি তোমার অনুসরণ করব, তবে আগে আমাকে বাড়িতে আমার পরিবারের কাছ থেকে বিদায় নিতে দাও।” যিশু তাকে উত্তর দিলেন, “যে লাঙলে হাত দিয়ে পেছনে ফেলে আসা বিষয়ের দিকে ফিরে তাকায়, সে ঈশ্বরের রাজ্যের উপযুক্ত নয়।” লূক 9:61-62

যিশুর আহ্বান নিঃশর্ত। তিনি যখন আমাদের ডাকেন, তখন নিজেদের ইচ্ছাকে সম্পূর্ণরূপে সমর্পণ করে এবং পরম উদারতার সঙ্গে আমাদের সাড়া দেওয়া উচিত।

ওপরের শাস্ত্রপাঠে ঈশ্বরের ইচ্ছা ছিল, এই ব্যক্তি যেন অবিলম্বে ও সম্পূর্ণভাবে যিশুর অনুসরণ করে। কিন্তু সেই ব্যক্তি দ্বিধা করে বলে যে, সে আগে গিয়ে তার পরিবারের কাছ থেকে বিদায় নিতে চায়। এটি যুক্তিসংগত অনুরোধ বলেই মনে হয়। কিন্তু যিশু স্পষ্ট করে দেন যে, তাকে অবিলম্বে এবং বিনা দ্বিধায় তাঁর অনুসরণ করার জন্য ডাকা হয়েছে।

পরিবারের কাছ থেকে বিদায় নিতে চাওয়ার মধ্যে যে কোনো দোষ আছে, তা অবশ্যই নয়। পরিবারও সম্ভবত এমনটাই আশা করবে। কিন্তু যিশু এই সুযোগে আমাদের দেখান যে, আমাদের সর্বপ্রথম অগ্রাধিকার হতে হবে তাঁর আহ্বানে সাড়া দেওয়া—তিনি যখন ডাকেন, যেভাবে ডাকেন এবং যেহেতু তিনিই ডাকেন। খ্রিস্টের অনুসরণ করার এই অপূর্ব, এমনকি রহস্যময় আহ্বানে বিনা দ্বিধায় সাড়া দিতে আমাদের প্রস্তুত থাকতে হবে।

কল্পনা করুন, এই ঘটনার কোনো একজন ব্যক্তি যদি অন্য রকম হতো। কল্পনা করুন, তাদের একজন যিশুর কাছে এসে বলল, “প্রভু, আমি তোমার অনুসরণ করব এবং কোনো শর্ত ছাড়াই এখনই তোমার অনুসরণ করতে প্রস্তুত ও ইচ্ছুক।” এটাই আদর্শ। আর হ্যাঁ, এই মনোভাব সত্যিই আমূল পরিবর্তনের দাবি রাখে।

আমাদের নিজেদের জীবনে সম্ভবত এমন আমূল পরিবর্তনের আহ্বান আসবে না যে, আক্ষরিক অর্থেই সবকিছু সঙ্গে সঙ্গে পেছনে ফেলে জীবনের কোনো নতুন পথে খ্রিস্টের সেবা করতে যেতে হবে। কিন্তু মূল বিষয় হলো আমাদের ইচ্ছুক থাকা! আপনি কি ইচ্ছুক?

আপনি ইচ্ছুক হলে আবিষ্কার করতে শুরু করবেন যে, যিশু প্রতিদিন আপনাকে তাঁর মিশন পূর্ণ করার জন্য ডাকছেন। আর আপনি ইচ্ছুক হলে প্রতিদিন দেখতে পাবেন যে, তাঁর মিশন অপরিমেয় মহিমাময় ও ফলপ্রসূ। আসল বিষয়টি হলো, বিনা দ্বিধায় ও বিনা বিলম্বে আপনার “হ্যাঁ” বলা।

আজ যিশুর অনুসরণ করার জন্য আপনার ইচ্ছুক মনোভাব নিয়ে ধ্যান করুন। এই শাস্ত্রপাঠের মধ্যে নিজেকে কল্পনা করুন এবং ভাবুন, আপনি যিশুকে কীভাবে সাড়া দিতেন। সম্ভবত আপনি নিজের মধ্যে দ্বিধা দেখতে পাবেন। আর আপনার হৃদয়ে দ্বিধা দেখতে পেলে তা তাঁর কাছে সমর্পণ করার চেষ্টা করুন, যাতে আমাদের প্রভু আপনার জন্য যা কিছু ভেবে রেখেছেন, তার সবকিছুর জন্য আপনি প্রস্তুত থাকেন।

প্রভু, আমি সত্যিই তোমাকে ভালোবাসি এবং সত্যিই তোমার অনুসরণ করতে চাই। তোমার পবিত্র ইচ্ছাকে “হ্যাঁ” বলার পথে আমার জীবনের প্রতিটি দ্বিধা কাটিয়ে উঠতে আমাকে সাহায্য করো। তোমার কণ্ঠস্বর চিনতে এবং প্রতিদিন তুমি যা বলো, তার সবকিছু গ্রহণ করতে আমাকে সাহায্য করো। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।

নবম দিন: লিজিয়ুর সন্ত তেরেজের কাছে নভেনা – ছোট্ট ফুল

সুসমাচার বিষয়ক আরও ধ্যান

ঐশ করুণা বিষয়ক ধ্যান

সকল সাধুসাধ্বী/পর্বদিন

আজকের সন্ত – সন্ত জেরোম, যাজক ও ধর্মাচার্য

খ্রিস্টযাগের পাঠের বিকল্পসমূহ

চিত্র: জেমস টিসোর আঁকা লাঙলরত মানুষ