বাংলা

আত্মার শত্রুদের আক্রমণ করা

ডিসেম্বর 10, 2020
আগমনকালের দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবার
আজকের পাঠসমূহ

লোরেতোর মাতা মারিয়া—ঐচ্ছিক স্মরণোৎসব

“বাপ্তিস্মদাতা যোহনের সময় থেকে এখন পর্যন্ত স্বর্গরাজ্য বলপ্রয়োগের শিকার হচ্ছে, আর বলপ্রয়োগকারীরা জোর করে তা অধিকার করছে।”  মথি 11:12

যাঁরা “বলপ্রয়োগকারী” এবং “জোর করে” স্বর্গরাজ্য অধিকার করছেন, আপনিও কি তাঁদের মধ্যে একজন? আশা করি, আপনিও তাঁদেরই একজন!

কখনো কখনো যিশুর কথা বোঝা কঠিন হয়ে ওঠে। ওপরের এই পাঠাংশে আমরা তেমনই একটি পরিস্থিতির মুখোমুখি হই। এই পাঠাংশ সম্পর্কে সাধু হোসেমারিয়া এসক্রিভা বলেন, “বলপ্রয়োগকারী” হলেন সেই খ্রিস্টবিশ্বাসীরা, যাঁরা বিশ্বাসের প্রতিকূল পরিবেশে থেকেও “মনোবল” ও “সাহসিকতা” দেখান (দেখুন খ্রিস্ট পাশ দিয়ে যাচ্ছেন, 82)। আলেকজান্দ্রিয়ার সাধু ক্লেমেন্ট বলেন, স্বর্গরাজ্য তাঁদেরই, “যাঁরা নিজেদের বিরুদ্ধে সংগ্রাম করেন” (কুইস দিভেস সালভেতুর, 21)। অন্য কথায়, যে “বলপ্রয়োগকারীরা” স্বর্গরাজ্য অধিকার করছেন, তাঁরা হলেন সেই ব্যক্তিরা, যাঁরা স্বর্গরাজ্য লাভের জন্য নিজেদের আত্মার শত্রুদের বিরুদ্ধে প্রবলভাবে সংগ্রাম করেন।

আত্মার শত্রু কারা? প্রথাগতভাবে আমরা জগৎ, দেহের প্রবৃত্তি ও শয়তানের কথা বলি। ঈশ্বরের রাজ্যের মধ্যে জীবনযাপন করার চেষ্টা করছেন এমন খ্রিস্টবিশ্বাসীদের আত্মার মধ্যে এই তিন শত্রু অনেক সহিংসতা ঘটিয়েছে। তাহলে রাজ্যের জন্য আমরা কীভাবে সংগ্রাম করব? শক্তি প্রয়োগ করে! কোনো কোনো অনুবাদে বলা হয়েছে যে, “আক্রমণকারীরা” জোর করে রাজ্য অধিকার করছে। এর অর্থ হলো, খ্রিস্টীয় জীবন সম্পূর্ণ নিষ্ক্রিয় হতে পারে না। শুধু হাসিমুখে চললেই আমরা স্বর্গে পৌঁছাতে পারি না। আমাদের আত্মার শত্রুরা বাস্তব, আর তারা আক্রমণাত্মক। তাই আমাদেরও আক্রমণাত্মক হতে হবে—এই অর্থে যে, খ্রিস্টের মনোবল ও সাহসিকতা নিয়ে আমাদের সরাসরি এই শত্রুদের মোকাবিলা করতে হবে।

আমরা কীভাবে তা করব? উপবাস ও আত্মসংযমের মাধ্যমে আমরা দেহের প্রবৃত্তিরূপী শত্রুর মোকাবিলা করি। খ্রিস্টের সত্যে, সুসমাচারের সত্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থেকে এবং এই যুগের “প্রজ্ঞা” অনুসারে চলতে অস্বীকার করে আমরা জগতের মোকাবিলা করি। আর আমাদের প্রতারিত করতে, বিভ্রান্ত করতে ও সব বিষয়ে বিপথে চালিত করতে শয়তান যে বিদ্বেষপূর্ণ পরিকল্পনা করে, সে সম্পর্কে সচেতন হয়ে আমরা তার মোকাবিলা করি, যেন তাকে তিরস্কার করতে এবং আমাদের জীবনে তার কার্যকলাপ প্রত্যাখ্যান করতে পারি।

আজ ধ্যান করুন: আপনার অন্তরে আক্রমণ চালায় যে শত্রুরা, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য মনোবল ও সাহসিকতায় বেড়ে ওঠার আহ্বান আপনি পেয়েছেন। এই যুদ্ধে ভয় কোনো কাজে আসে না। আমাদের প্রভু যিশু খ্রিস্টের শক্তি ও করুণার ওপর ভরসাই আমাদের প্রয়োজনীয় একমাত্র অস্ত্র। তাঁর ওপর নির্ভর করুন এবং এই শত্রুরা নানাভাবে আপনার কাছ থেকে খ্রিস্টের শান্তি কেড়ে নেওয়ার যে চেষ্টা করে, তার কাছে হার মানবেন না।

হে আমার মহিমান্বিত ও বিজয়ী প্রভু, তুমি তোমার অনুগ্রহ ঢেলে দেবে—এই ভরসা আমি তোমার ওপর রাখি, যেন জগৎ, আমার দেহের প্রবৃত্তির প্রলোভন এবং স্বয়ং শয়তানের বিরুদ্ধে আমি দৃঢ় হয়ে দাঁড়াতে পারি। আমাকে সাহস, সাহসিকতা ও মনোবল দাও, যেন আমি বিশ্বাসের উত্তম সংগ্রাম করতে পারি এবং তোমাকে ও আমার জীবনের জন্য তোমার পরম পবিত্র ইচ্ছাকে খোঁজার পথ থেকে কখনো বিচ্যুত না হই। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।

আমাদের আগমনকালের উপকরণগুলো দেখুন!

পবিত্র শাস্ত্র নিয়ে ধ্যান

সুসমাচার বিষয়ক আরও ধ্যান

ঐশ করুণা বিষয়ক ধ্যান

সকল সাধুসাধ্বী/পর্বদিন

আজকের সন্ত – লোরেতোর মাতা মারিয়া

খ্রিস্টযাগের পাঠের বিকল্পসমূহ

ওপরে প্রদর্শিত চিত্র: দোমেনিকো ঘিরলান্দাইওর আঁকা বাপ্তিস্মদাতা সাধু যোহনের প্রচার