বাংলা

নিজের ধার্মিকতা নিয়ে অহংকার কাটিয়ে ওঠা 

11 সেপ্টেম্বর, 2022
সাধারণ কালের চতুর্বিংশ রবিবার, বর্ষ গ
আজকের শাস্ত্রপাঠ

ভিডিও

কর আদায়কারী ও পাপীরা সবাই যিশুর কথা শোনার জন্য তাঁর কাছে আসছিল। কিন্তু ফরিসী ও শাস্ত্রীরা অভিযোগ করতে শুরু করলেন, “এই লোকটি পাপীদের সাদরে গ্রহণ করে এবং তাদের সঙ্গে খাওয়াদাওয়া করে।” লূক 15:1-2

কী নির্বোধ ও অহংকারপূর্ণ কথা! যিশু পাপীদের প্রতি করুণাময়, ক্ষমাশীল ও প্রেমময় ছিলেন এবং তাদের সাদরে গ্রহণ করতেন। আর ফরিসী ও শাস্ত্রীরা এ নিয়ে এমনভাবে অভিযোগ করছিলেন, যেন যিশু কোনো অন্যায় করছেন।

এক দিক থেকে বোঝা যায়, অহংকারে ভরা শাস্ত্রী ও ফরিসীরা যিশুকে দোষী সাব্যস্ত করার জন্য যেকোনো অজুহাত খুঁজবেন। বলতে গেলে, তাঁরা যেন অকারণে কাউকে দোষী সাব্যস্ত করার অভিযানে নেমেছিলেন, আমাদের প্রভুর যেকোনো দোষ খুঁজে বের করার চেষ্টা করছিলেন। তাই বিদ্বেষে পূর্ণ হয়ে তাঁরা এমনভাবে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলেন, যেন পাপীদের সঙ্গে সময় কাটানো ও তাদের সাদরে গ্রহণ করার কারণে যিশু একজন ভয়ংকর পাপী।

কিন্তু বিশুদ্ধ সত্যের দৃষ্টিতে দেখলে শাস্ত্রী ও ফরিসীদের ঈর্ষা, পরশ্রীকাতরতা, কূটকৌশল ও প্রতারণা স্পষ্ট হয়ে ওঠে। যিশুর বিরুদ্ধে তাঁরা যে “দোষারোপ” করেছিলেন, তা আদৌ কোনো সত্যিকার দোষারোপ ছিল না। তা ছিল মনগড়া কথা ও সত্যের বিকৃতি। সত্য হলো, পাপীদের প্রতি যিশুর দয়া ছিল তাঁর অগণিত সদ্‌গুণকে জীবনে বাস্তবায়িত করা। তিনি মানুষের অবস্থা বুঝতেন, করুণাময়, সহমর্মী, ধৈর্যশীল, ক্ষমাশীল এবং এমন আরও অনেক সদ্‌গুণের অধিকারী ছিলেন। তিনি বিপর্যস্ত হৃদয়গুলো দেখতে পেতেন এবং তাদের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন, বিশেষ করে যখন তিনি বুঝতে পারতেন যে তারা অনুতপ্ত, খোলা মনের ও নম্র।

মাঝেমধ্যে আমাদের সবারই এমন লোকদের মুখোমুখি হতে হয়, যারা ধর্মীয় বিষয়ে নিজেদের খুব “ধার্মিক” মনে করে। এটি একটি কুৎসিত পাপ, যা আমরা স্বাভাবিক বলে মেনে নিতে পারি না। সমস্যা হলো, যারা নিজেদের খুব ধার্মিক মনে করে, তারা প্রায়ই অন্যদের ভয় দেখায় এবং তাদের ওপর অত্যাচারও করে। যারা ঈশ্বরের নামে অন্যদের দোষী সাব্যস্ত করে, তাদের মোকাবিলা করা কঠিন। যিশুর প্রাথমিক প্রতিক্রিয়া ছিল তাদের উপেক্ষা করে তাঁর ভালোবাসা ও সহমর্মিতার সেবাকাজ চালিয়ে যাওয়া, উপমা বলা এবং অভাবী মানুষদের সাহায্য করা। কিন্তু শেষ পর্যন্ত তিনি এই ধর্মীয় নেতাদের সরাসরি মোকাবিলা করলেন এবং তাদের গর্ব ও অহংকারের জন্য তাদের দোষী সাব্যস্ত করলেন।

আজ ভেবে দেখুন, আপনার অন্তরে অন্যের বিচার করার কোনো প্রবণতা আছে কি না, বিশেষ করে যখন আপনি ঈশ্বরের নামে তা করার চেষ্টা করেন। নিজের ধার্মিকতা নিয়ে অহংকার ও গর্বের সঙ্গে যদি আপনাকে লড়াই করতে হয়, তবে এখনই নিজেকে নম্র করুন, যাতে শেষ পর্যন্ত আমাদের প্রভু আপনার ওপর তাঁর ন্যায়বিচার কার্যকর করতে বাধ্য না হন!

হে আমার পরম ন্যায়বান প্রভু, দয়া করে আমার প্রতি করুণা করো এবং আমার পাপ থেকে আমাকে সুস্থ করো। অন্যের দোষ ধরার সব প্রবণতা থেকে আমাকে মুক্ত করো এবং তোমার অনুকরণে আমার মাঝে থাকা পাপী মানুষকে ভালোবাসতে ও সাদরে গ্রহণ করতে সাহায্য করো, যাতে আমিও পাপী হয়েও তোমার কাছে সাদরে গৃহীত হই। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।

অপব্যয়ী পুত্রের প্রত্যাবর্তন
অপব্যয়ী পুত্রকে নিয়ে কবিতা

দুঃখময়ী মাতার উদ্দেশে নভেনা
প্রথা অনুসারে 7–15 সেপ্টেম্বর প্রার্থনা করা হয়
পঞ্চম দিন—11 সেপ্টেম্বর

সুসমাচার বিষয়ক আরও ধ্যান

ঐশ করুণা বিষয়ক ধ্যান

সকল সাধুসাধ্বী/পর্বদিন

খ্রিস্টযাগের পাঠের বিকল্পসমূহ

নির্বাচিত চিত্র: খ্রিস্ট ও ব্যভিচারিণী নারী। শিল্পী: লুকাস ক্রানাখ দ্য এল্ডার, উইকিমিডিয়া কমন্সের মাধ্যমে