বাংলা

ক্ষমা করা…দিনে সাতবার

নভেম্বর 7, 2022
সাধারণ কালের বত্রিশতম সপ্তাহের সোমবার
আজকের পাঠসমূহ

ভিডিও

“সতর্ক থেকো! তোমার ভাই যদি পাপ করে, তাকে তিরস্কার করো; আর সে যদি অনুতপ্ত হয়, তাকে ক্ষমা করো। আর সে যদি এক দিনে সাতবার তোমার প্রতি অন্যায় করে এবং সাতবার তোমার কাছে ফিরে এসে বলে, ‘আমি অনুতপ্ত,’ তবে তাকে ক্ষমা কোরো।” লূক 17:3-4

সম্পূর্ণভাবে ক্ষমা করা কখনো কখনো খুব কঠিন হতে পারে। বিশেষ করে একই ব্যক্তি যখন আপনার বিরুদ্ধে, যিশুর কথায়, “এক দিনে সাতবার” পাপ করে, তখন এমনটি হয়।

কিন্তু যিশুর কথাগুলো আমাদের হৃদয়ে গ্রহণ করা উচিত। তিনি নিছক আদর্শের কথা বলছিলেন না; বরং তিনি খুবই বাস্তবসম্মত কথা বলছিলেন। বারবার, বারবার ক্ষমা করতে হবে। ক্ষমা করতে আমরা দ্বিধা করতে পারি না, বিশেষ করে যারা আন্তরিকভাবে অনুতপ্ত হয়, তাদের ক্ষেত্রে।

এই পাঠাংশ থেকে প্রথমেই যে বিষয়গুলো আমাদের লক্ষ করা উচিত, তার একটি হলো, কেউ আমাদের বিরুদ্ধে পাপ করলে তাকে আমাদের তিরস্কার করা উচিত। এই তিরস্কার যেন প্রতিশোধের উদ্দেশ্যে না হয়; বরং তাকে অনুতাপের আহ্বান জানাতেই তা করতে হবে। অন্যকে তিরস্কার করার একমাত্র কারণ এটাই। আমাদের যদি মনে হয়, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে পাপ করেছে সে নিজেকে বদলাতে আগ্রহী হতে পারে, তবে ভালোবাসা দিয়ে তাকে তিরস্কার করতেই হবে। আর সে যখন তা গ্রহণ করে আমাদের কাছে ক্ষমা চায়, তখন তাকে ক্ষমা করতেই হবে।

তবে, আগেই বলা হয়েছে, একই পাপ যখন বারবার করা হয়, তখন ক্ষমা করা বিশেষভাবে কঠিন হতে পারে। এতে ক্লান্তি ও হতাশা আসতে পারে। আর একই পাপ যখন বারবার করা হয়, তখন যিনি ক্ষমা চাইছেন, তাঁর অনুতাপের আন্তরিকতা নিয়ে সহজেই সন্দেহ জাগতে পারে।

কিন্তু এসবের কোনোটিই আমাদের ভাবনার বিষয় হওয়া উচিত নয়। আমাদের একমাত্র ভাবনার বিষয় হওয়া উচিত এই কথাগুলো শোনা: “আমি অনুতপ্ত।” এটাই যিশুর আদেশ। কেউ এই কথাগুলো বললে, আমাদের অবশ্যই ক্ষমা করতে হবে, আর তা করতে হবে সঙ্গে সঙ্গেই।

পবিত্র শাস্ত্রের এই অংশ আমাদের এ-ও জানায় যে, আমরা যাদের আঘাত করি, তাদের কাছে আমাদের অনুতাপ প্রকাশ করা কতটা গুরুত্বপূর্ণ। অন্য ব্যক্তি ক্ষমা করে দেবে—এমনটা কেবল ধরে নেওয়া বিপজ্জনক। কাউকে সত্যিই এই কথাগুলো বলার মধ্যে বিরাট শক্তি আছে: “দয়া করে আমাকে ক্ষমা করুন, আমার পাপের জন্য আমি অনুতপ্ত।” কথাগুলো বলা কঠিন হতে পারে, কিন্তু এগুলো গভীর নিরাময় নিয়ে আসে।

আজ ক্ষমা চাওয়া এবং অন্যকে ক্ষমা করার কাজটি নিয়ে ধ্যান করুন। প্রতিদিনই আমরা সবাই ক্ষমা করার ও ক্ষমা চাওয়ার অসংখ্য সুযোগ পাই। তা করতে দ্বিধা করবেন না; আর তা করেছেন বলে আপনি কৃতজ্ঞ হবেন।

প্রভু, তোমার বিরুদ্ধে আমার করা অনেক পাপের জন্য আমি সত্যিই অনুতপ্ত। দয়া করে আমাকে ক্ষমা করো। আমি যখন একগুঁয়ে হয়ে যাই, দয়া করে ভালোবাসার সঙ্গে আমাকে ভর্ৎসনা করো। অন্য কারও কাছে যখন আমার ক্ষমা চাওয়া দরকার হয়, দয়া করে তা করার সাহস আমাকে দাও। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।

সুসমাচার বিষয়ক আরও ধ্যান

ঐশ করুণা বিষয়ক ধ্যান

আজকের সাধুসাধ্বী/পর্বসমূহ

খ্রিস্টযাগের পাঠের বিকল্পসমূহ


আগমনকাল ও বড়দিনের জন্য নতুন!

আগমনকাল ও বড়দিনের ধ্যান