নভেম্বর 21, 2022
সাধারণ কালের চৌত্রিশতম সপ্তাহের সোমবার
আজকের শাস্ত্রপাঠ
ধন্যা কুমারী মারীয়ার মন্দিরে উৎসর্গ—স্মরণোৎসব

যিশু চোখ তুলে দেখলেন, কয়েকজন ধনী লোক দানভান্ডারে তাদের দান রাখছে। তিনি লক্ষ করলেন, এক দরিদ্র বিধবা সেখানে দুটি ছোট মুদ্রা রাখছেন। তিনি বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, এই দরিদ্র বিধবা অন্য সবার চেয়ে বেশি দিয়েছেন; কারণ অন্য সবাই তাদের উদ্বৃত্ত ধন থেকে দান করেছে, কিন্তু ইনি নিজের অভাবের মধ্যেও জীবিকা নির্বাহের সমস্ত সম্বল দিয়ে দিয়েছেন।” লূক 21:1-4
তিনি কি সত্যিই অন্য সবার চেয়ে বেশি দিয়েছিলেন? যিশুর কথায়, তিনি তা-ই দিয়েছিলেন! কিন্তু তা কীভাবে সম্ভব? সুসমাচারের এই অংশ আমাদের দেখায়, জাগতিক দৃষ্টিভঙ্গির তুলনায় ঈশ্বর আমাদের দানকে কীভাবে দেখেন।
দান ও উদারতার আসল অর্থ কী? আমাদের কত টাকা আছে, সেটাই কি মূল কথা? নাকি এর অর্থ আরও গভীর, আরও অন্তরের বিষয়? নিশ্চয়ই দ্বিতীয়টিই সত্য।
এখানে দান বলতে অর্থদান বোঝানো হয়েছে। কিন্তু এটি কেবল সব ধরনের দানের একটি উদাহরণ—যে দান করতে আমরা আহ্বান পেয়েছি। যেমন, অন্যদের প্রতি ভালোবাসা থেকে, মণ্ডলীকে গড়ে তোলার জন্য এবং সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের সময় ও প্রতিভাও ঈশ্বরকে দিতে আমরা আহ্বান পেয়েছি।
এই দৃষ্টিভঙ্গি থেকে দানকে দেখুন। যেসব মহান সাধু লোকচক্ষুর আড়ালে জীবন কাটিয়েছেন, তাঁদের কয়েকজনের দানের কথা ভাবুন। যেমন, লিজিয়ুর সাধ্বী তেরেজা অসংখ্য ছোট ছোট উপায়ে খ্রিস্টকে নিজের জীবন দিয়েছিলেন। তিনি তাঁর মঠের দেয়ালের ভেতরেই থাকতেন এবং বাইরের জগতের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল খুবই কম। তাই জাগতিক দৃষ্টিতে তিনি খুব সামান্যই দিয়েছিলেন এবং তেমন কোনো পরিবর্তন আনেননি। অথচ তাঁর আধ্যাত্মিক আত্মজীবনীর ছোট্ট উপহার এবং তাঁর জীবনের সাক্ষ্যের কারণে আজ তাঁকে মণ্ডলীর শ্রেষ্ঠ ধর্মাচার্যদের একজন বলে গণ্য করা হয়।
আপনার সম্পর্কেও হয়তো একই কথা বলা যেতে পারে। হয়তো আপনি এমন সব দৈনন্দিন কাজে ব্যস্ত থাকেন, যেগুলো ছোট ও তুচ্ছ বলে মনে হয়। হয়তো রান্না, ঘর পরিষ্কার, পরিবারের যত্ন নেওয়া এবং এ ধরনের কাজেই আপনার দিন কেটে যায়। অথবা হয়তো প্রতিদিনের বেশির ভাগ সময় আপনার চাকরির কাজেই চলে যায়, আর খ্রিস্টকে নিবেদন করার মতো “মহৎ” কাজের জন্য খুব কম সময়ই বাকি থাকে। আসল প্রশ্নটি হলো: ঈশ্বর আপনার দৈনন্দিন সেবাকে কীভাবে দেখেন?
আজ আপনার জীবনের আহ্বান নিয়ে ধ্যান করুন। হয়তো জনসমাজের ও জগতের দৃষ্টিতে বাইরে গিয়ে “মহৎ কাজ” করার আহ্বান আপনি পাননি। কিংবা হয়তো আপনি এমন কোনো “মহৎ কাজও” করেন না, যা মণ্ডলীর মধ্যে সবার চোখে পড়ে। কিন্তু ঈশ্বর দেখেন, প্রতিদিন অতি ছোট ছোট উপায়ে আপনি ভালোবাসার যে কাজগুলো করেন, সেগুলো। আপনার দৈনন্দিন কর্তব্য সাদরে গ্রহণ করা, পরিবারকে ভালোবাসা, প্রতিদিন প্রার্থনা নিবেদন করা ইত্যাদি হলো এমন ধন, যা আপনি প্রতিদিন ঈশ্বরকে দিতে পারেন। তিনি এসব দেখেন; আর সবচেয়ে বড় কথা, যে ভালোবাসা ও ভক্তি নিয়ে আপনি এসব করেন, তা-ও তিনি দেখেন। তাই মহত্ত্ব সম্পর্কে ভ্রান্ত ও জাগতিক ধারণার কাছে নতি স্বীকার করবেন না। গভীর ভালোবাসা দিয়ে ছোট ছোট কাজ করুন; এভাবেই তাঁর পবিত্র ইচ্ছা পালনের সেবায় আপনি ঈশ্বরকে প্রচুর দান করবেন।
প্রকৃত মহত্ত্বের প্রভু, আজ এবং প্রতিদিন আমি নিজেকে তোমার কাছে ও তোমার সেবায় সমর্পণ করি। যে সমস্ত কাজ করার আহ্বান আমি পেয়েছি, তার সবই যেন গভীর ভালোবাসায় করতে পারি। দয়া করে আমার প্রতিদিনের কর্তব্য আমাকে দেখিয়ে যেতে থাকো এবং তোমার পবিত্র ইচ্ছা অনুসারে সেই কর্তব্য গ্রহণ করতে আমাকে সাহায্য করো। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।
আমাদের আগমনকালের উপকরণগুলো দেখুন!
আজকের সাধুসন্ত – ধন্যা কুমারী মারীয়ার মন্দিরে উৎসর্গ
ওপরের নির্বাচিত চিত্র: জেমস টিসোর আঁকা ‘বিধবার ক্ষুদ্র দান’, উইকিমিডিয়া কমন্সের মাধ্যমে




