বাংলা

পবিত্র জীবনযাপনের প্রতি ভালোবাসা

আগস্ট 16, 2024
সাধারণ কালের উনবিংশ সপ্তাহের শুক্রবার
আজকের পাঠসমূহ

হাঙ্গেরির সাধু স্তেফান—ঐচ্ছিক স্মরণ

ভিডিও

তিনি উত্তরে বললেন, “সকলে এই কথা গ্রহণ করতে পারে না, কেবল যাদের সেই সামর্থ্য দেওয়া হয়েছে, তারাই পারে।” মথি 19:11

বিবাহের অবিচ্ছেদ্যতা নিয়ে দীর্ঘ আলোচনার উত্তরে যিশু এই কথা বলেছিলেন। “সকলে এই কথা গ্রহণ করতে পারে না…”—এর একটি কারণ হলো, বিবাহ এবং অন্য প্রতিটি আহ্বান অনুসারে জীবনযাপনের জন্য সর্বান্তঃকরণে আত্মত্যাগ ও নিঃস্বার্থতা প্রয়োজন। এগুলো যখন থাকে না, আর আমাদের কাছে প্রত্যাশিত নিঃস্বার্থ জীবনযাপন যখন স্বার্থপরতায় পরিণত হয়, তখন প্রতিটি দ্বন্দ্বই এক ভারী বোঝা হয়ে ওঠে। এমন এক বোঝা, যা অনুগ্রহ ছাড়া বহন করা অসহ্য।

ভালোবাসা কী? বিবাহে এবং অন্য প্রতিটি আহ্বান অনুসারে জীবনযাপনে কেমন ভালোবাসা প্রয়োজন? মা-বাবা এবং দাদা-দাদি ও নানা-নানিদের কেমন ভালোবাসা প্রয়োজন? এই সব প্রশ্নের উত্তর একই। আমাদের সম্পূর্ণ নিঃস্বার্থভাবে ও আত্মত্যাগের সঙ্গে ভালোবাসতে হবে। ভালোবাসার সবচেয়ে খাঁটি রূপ সর্বদা অন্যের মঙ্গল চায় এবং কখনো নিজের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করে না।

কেবল অনুগ্রহই আমাদের প্রকৃত ভালোবাসার ওপর ভিত্তি করে জীবনযাপন করতে সক্ষম করতে পারে। আমাদের পতিত মানবপ্রকৃতি কেবল নিজের দিকেই তাকিয়ে থাকতে চায়; অর্থাৎ আমরা নিজেদের কথা ভাবতে ভাবতেই জীবন কাটিয়ে দেওয়ার প্রবণতা রাখি—“কী করলে আমার জীবন আরও ভালো হবে? এতে আমার ওপর কী প্রভাব পড়বে? এই ব্যক্তি আমাকে আঘাত দিয়েছে। আমি এটা বা ওটা করতে চাই না, ইত্যাদি।” জীবনে নিজের দিক থেকে চোখ ফিরিয়ে অন্যদের ভালোবাসার দিকে মন দেওয়া খুবই কঠিন। তাই যিশু বলেছেন, এই ধরনের ভালোবাসা কেবল তারাই গ্রহণ করতে পারে, “যাদের সেই সামর্থ্য দেওয়া হয়েছে।” আর ভালোবাসার এই গভীরতা তাদেরই দেওয়া হয়, যারা নিজেদের জীবনে ঈশ্বরের রূপান্তরকারী অনুগ্রহ গ্রহণের জন্য উন্মুক্ত থাকে।

সম্পূর্ণ নিঃস্বার্থভাবে ভালোবাসা খুব কঠিন হওয়ার একটি কারণ হলো, এর জন্য আমাদের অনুগ্রহের ওপর নির্ভর করে জীবনযাপন করতে হয়। আমাদের দুর্বল মানবমন নিজের শক্তিতে ভালোবাসার এই মহান আহ্বানের উচ্চতায় পৌঁছাতে পারে না। কেবল অনুগ্রহের দ্বারাই আমরা বুঝতে পারব যে, নিঃস্বার্থ জীবনযাপন শুধু যাদের ভালোবাসতে আমরা আহূত হয়েছি, তাদের জন্যই সর্বোত্তম নয়, আমাদের নিজেদের জন্যও সর্বোত্তম। আর বিবাহিত জীবন, সন্তান লালন-পালন, অন্যান্য আহ্বান এবং জীবনের অন্য প্রতিটি পরিস্থিতিতে, আমাদের ভালোবাসা যদি সর্বদা অন্যের মঙ্গলের দিকে নিবদ্ধ থাকে এবং আমাদের জীবন যদি খ্রিস্টের সম্পূর্ণ আত্মত্যাগকে অনুকরণ করে, তবে আমরা দেখব, ঈশ্বর আমাদের মধ্য দিয়ে মহৎ কাজ করছেন। তিনি যখন তা করবেন, তখন আমরা আরও দেখব, ঈশ্বর আমাদের অন্তরেও মহৎ কাজ করছেন। মূল কথা হলো, আমরা যখন খ্রিস্টের মতো জীবনযাপন করি, কেবল তখনই আমরা সেই মানুষ হয়ে উঠি, যা হওয়ার জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে। আর তিনি এমন এক জীবন যাপন করেছেন, যা ছিল নিঃশর্ত আত্মত্যাগ ও নিঃস্বার্থতায় পূর্ণ।

আজ ভালোবাসার সেই মহান আহ্বান নিয়ে ধ্যান করুন, যা আপনাকে দেওয়া হয়েছে। আপনি কি আমাদের প্রভুর এই শিক্ষা গ্রহণ করতে পারেন? অনুগ্রহের দ্বারা কি আপনাকে প্রকৃত ভালোবাসার স্বরূপ বোঝার ক্ষমতা দেওয়া হয়েছে? যদি তা হয়ে থাকে, তবে খ্রিস্ট যিশুর সঙ্গে একাত্ম হয়ে নিঃস্বার্থ ও আত্মত্যাগময় ভালোবাসার জীবনযাপনের জন্য আপনি কি যথাসাধ্য চেষ্টা করছেন? আপনার জীবন ও সম্পর্কগুলো, বিশেষ করে আপনার সবচেয়ে কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক পরীক্ষা করার সময় ভাবুন, তাদের প্রতি আপনার আচরণ কতটা খ্রিস্টের মতো। ভাবুন, আপনি ক্ষমা করেন কি না, অন্য গালও পেতে দেন কি না, দয়া, সহমর্মিতা, বোঝাপড়া, কোমলতা এবং পবিত্র আত্মার অন্য প্রতিটি সদ্‌গুণ ও ফল অর্জনের চেষ্টা করেন কি না। যেখানে আপনার ঘাটতি রয়েছে এবং স্বার্থপরতা খুঁজে পান, সেখানে আমাদের প্রভুর কাছে অনুগ্রহ ভিক্ষা করতে দ্বিধা করবেন না, যেন আপনি ভালোবাসার এই মহান আহ্বান কেবল বুঝতেই না পারেন, বরং আপনার কাজের মধ্যেও তা পূর্ণভাবে গ্রহণ করতে পারেন। তখনই, কেবল তখনই, আপনি যে আহ্বান পেয়েছেন, সেই অনুসারে জীবনযাপন করতে পারবেন।

আমার প্রেমময় প্রভু, তোমার ভালোবাসা সমস্ত বোধের অতীত। এ এমন এক ভালোবাসা, যা কেবল তোমার অনুগ্রহের দানেই বোঝা যায়। দয়া করে আমাকে সেই অনুগ্রহ দাও, যা আমার প্রয়োজন, যেন আমি শুধু আমার জীবনে তোমার ভালোবাসা বুঝতে ও গ্রহণ করতেই না পারি, বরং সকলের কাছে তোমার ভালোবাসা পৌঁছেও দিতে পারি। তুমি যে ভালোবাসার পূর্ণতা তোমার জীবনে প্রকাশ করেছ, আমার জীবন যেন নিরন্তর তারই এক মাধ্যম হয়ে ওঠে। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।

নির্বাচন ও জাতির জন্য প্রার্থনা

সুসমাচার বিষয়ক আরও ধ্যান

ঐশ করুণা বিষয়ক ধ্যান

সাধারণ কালের জন্য পবিত্র শাস্ত্রের ধ্যান

সকল সাধুসাধ্বী/পর্বদিন

আজকের সাধু – হাঙ্গেরির সাধু স্তেফান

খ্রিস্টযাগের পাঠের বিকল্পসমূহ

উপরে প্রদর্শিত প্রধান ছবি: জাহাজে যিশুর প্রচার, শিল্পী জেমস টিসো, উইকিমিডিয়া কমন্সের মাধ্যমে