বাংলা

আপনার অন্তরের পবিত্র স্থান

26 আগস্ট, 2025
সাধারণ কালের একবিংশ সপ্তাহের মঙ্গলবার
আজকের পাঠসমূহ

ছবি: ব্রুকলিন মিউজিয়াম-এর সৌজন্যে

ভিডিও

“অন্ধ পথপ্রদর্শকেরা, তোমরা মশা ছেঁকে বাদ দাও, অথচ উট গিলে খাও! ধিক্ তোমাদের, শাস্ত্রী ও ফরিশিরা, তোমরা ভণ্ড! তোমরা পানপাত্র ও থালার বাইরের দিক পরিষ্কার কর, কিন্তু ভেতরে সেগুলো লুণ্ঠন ও ভোগবিলাসে পূর্ণ। অন্ধ ফরিশি, আগে পানপাত্রের ভেতরটা পরিষ্কার কর, যেন বাইরেটাও পরিষ্কার হতে পারে।” মথি 23:24–26

কল্পনা করুন, রাতের খাবারের পর কেউ বাসন ধুয়ে দেওয়ার প্রস্তাব দিলেন, কিন্তু তিনি শুধু কাপ ও বাটিগুলোর বাইরের দিক ধুলেন, ভেতরটা একেবারেই না ধুয়ে সেগুলো আবার আলমারিতে তুলে রাখলেন। পরেরবার সেগুলো ব্যবহার করতে গেলে প্রথমে আপনার কাছে সেগুলো পরিষ্কারই মনে হবে; কিন্তু নামিয়ে নিলেই ভেতরে শুকিয়ে থাকা পানীয় ও খাবার দেখতে পাবেন। ফরিশিদের বর্ণনা করতে যিশু এই ছবিটিই ব্যবহার করেছেন। তারা শুধু বাইরের চেহারা নিয়েই ভাবত এবং তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আত্মার অন্তরের দিকটি উপেক্ষা করত।

যিশু মশা ছেঁকে বাদ দেওয়া ও উট গিলে খাওয়ার বিপরীতধর্মী ছবিও ব্যবহার করেছেন। এর মাধ্যমে তিনি লেবীয় পুস্তকের সেই বিধানগুলোর কথা উল্লেখ করেছেন, যেখানে ইস্রায়েলীয়দের মশা ও অন্যান্য পোকামাকড়ের মতো “ঝাঁক বেঁধে চলা প্রাণী” (লেবীয় পুস্তক 11:41–45), সেই সঙ্গে উটের মাংসও (লেবীয় পুস্তক 11:4) খেতে নিষেধ করা হয়েছে। ফরিশিরা “মশা ছেঁকে বাদ দেয়, অথচ উট গিলে খায়”—এই রূপক কথার মাধ্যমে যিশু তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তারা বিধানের খুঁটিনাটি বিষয়গুলোর অর্থ বিকৃত করে, অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষা করে। যেমন, কোনো পানীয়তে ভুলক্রমে একটি মশা পড়ে থাকতে পারে বলে ফরিশিরা সবাইকে পান করার আগে সব পানীয় ছেঁকে নিতে বাধ্য করত, কিন্তু ঈশ্বরের পুত্রকে হত্যা করার বেলায় প্রকৃত ন্যায়বিচার নিয়ে তাদের তেমন মাথাব্যথা ছিল না। এসব কারণে ফরিশিরা “অন্ধ পথপ্রদর্শক” ও “ভণ্ড” হয়ে উঠেছিল; মানুষকে পবিত্রতার পথে পরিচালিত করতে তারা অক্ষম ছিল।

মূল কথা হলো, যিশু আমাদের বলছেন যে আমাদের সত্যিই পবিত্র হয়ে উঠতে হবে, শুধু পবিত্র বলে মনে হলেই চলবে না। ঈশ্বর হৃদয় দেখেন এবং হৃদয়ের বিচার করেন। তিনি ছাড়া আর যে আপনার হৃদয় দেখতে পারেন, তিনি আপনি নিজেই। তাই ফরিশিদের উদ্দেশে বলা এই তিরস্কার আমাদেরও শুনতে হবে, যেন আমরা বুঝতে পারি যে সবার আগে নিজের আত্মার গভীরে তাকানো কতটা গুরুত্বপূর্ণ। সেখান থেকেই, অন্তরের পবিত্রতা থেকেই, আমাদের বাহ্যিক জীবনেও ঈশ্বরের পবিত্রতা ছড়িয়ে পড়বে।

দ্বিতীয় ভাটিকান মহাসভার একটি দলিল, গাউদিউম এৎ স্পেস, বিবেক সম্পর্কে আমাদের সুন্দরভাবে বলে: “বিবেক হলো মানুষের সবচেয়ে গোপন অন্তঃস্থল ও পবিত্র স্থান। সেখানে সে ঈশ্বরের সঙ্গে একা থাকে, যাঁর কণ্ঠস্বর তার অন্তরের গভীরে প্রতিধ্বনিত হয়” (#16)। আমাদের ভেতরের এই “গোপন অন্তঃস্থল ও পবিত্র স্থান” নিয়েই যিশুর সবচেয়ে বেশি ভাবনা। প্রায়ই আমরা অন্তরে সত্যিই কেমন, তার চেয়ে অন্যদের চোখে আমাদের কেমন দেখায়, তা নিয়ে অনেক বেশি ভাবতে প্রলুব্ধ হই। যেমন, পাপপূর্ণ দ্বৈত জীবন যাপন করেন এমন কেউ অন্যদের চোখে পবিত্র দেখানোর জন্য অনেক কিছু করতে পারেন এবং অন্যদের কাছ থেকে নিজের পাপ লুকাতে যথাসাধ্য চেষ্টা করতে পারেন। অন্যদিকে, কেউ হয়তো অত্যন্ত পবিত্র জীবন যাপন করছেন, কিন্তু অন্য কারও প্রকাশ্য মিথ্যা অভিযোগের কারণে গভীর কষ্ট পাচ্ছেন। প্রথম ক্ষেত্রে, যতক্ষণ সেই ব্যক্তির আসল অবস্থা ধরা না পড়ে, ততক্ষণ তাঁকে শান্তিতে আছেন বলেই মনে হয়। দ্বিতীয় ক্ষেত্রে, সেই ব্যক্তি ভালো ও পবিত্র জীবন যাপন করলেও, মিথ্যা অভিযোগে তাঁর ভাবমূর্তি ভেঙে পড়লে তিনি হতাশায় ডুবে যাওয়ার প্রলোভনের মুখে পড়তে পারেন।

অন্যরা আমাদের সম্পর্কে কী ভাবে ও কী বলে, শেষ পর্যন্ত তা কমবেশি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমাদের নিয়ন্ত্রণে আছে আমাদের অন্তরে যা রয়েছে। আমাদের অন্তর্জীবন, সেই গোপন অন্তঃস্থল, অন্তরের সেই পবিত্র স্থান যেখানে আমরা ঈশ্বরের সাক্ষাৎ পাই—সেদিকেই আমাদের সব প্রচেষ্টা কেন্দ্রীভূত হওয়া চাই। বাইরের দিক থেকে দেখলে, অন্যরা আমাদের প্রশংসা করছে না সমালোচনা করছে, তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়া উচিত নয়। গুরুত্বপূর্ণ হলো প্রকৃত সত্য, আর সেই সত্য দেখতে কেবল আপনি ও ঈশ্বরই আপনার হৃদয়ের গভীরে তাকাতে পারেন। ফরিশিরা এই অপরিহার্য সত্য বুঝতে ব্যর্থ হয়েছিল। তারা নিজেদের ভাবমূর্তির পেছনেই সব শক্তি ব্যয় করেছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিকে অবহেলা করেছিল; ফলে তারা অন্যদের ঈশ্বরের কাছে পরিচালিত করতে অক্ষম হয়ে পড়েছিল।

আজ আপনার আত্মা নিয়ে ধ্যান করুন। কতবার আপনি নিজের ভেতরে তাকান? আপনি কি নিজের কাছে সৎ থাকতে পারেন, নিজের পাপ স্বীকার করতে এবং নিজের সদ্‌গুণের জন্য কৃতজ্ঞ হতে পারেন? নাকি আপনিও তাঁদের দলে, যাঁরা অন্যদের চোখে নিজেদের কেমন দেখায়, তা নিয়েই বেশি ভাবেন? অন্তরের সেই গোপন পবিত্র স্থানের দিকে দৃষ্টি ফেরান, কারণ সেখানেই, সেই গোপন অন্তঃস্থলেই, আপনি ঈশ্বরের সাক্ষাৎ পাবেন, পবিত্রতায় বেড়ে উঠবেন এবং তারপর আমাদের জগতে সেই প্রকৃত পবিত্রতা ছড়িয়ে দেবেন। যখন তা ঘটবে, তখন ঈশ্বর আপনাকেও ব্যবহার করতে পারবেন, যেন আপনি অন্যদের পবিত্রতার পথে সত্যিকারের পথপ্রদর্শক হতে পারেন।

প্রকৃত পবিত্রতার প্রভু, তুমি আমার আত্মাকে শুচি করতে চাও এবং আমার অন্তরে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আমাকে আহ্বান জানাও। অন্যেরা বাইরে থেকে আমাকে কীভাবে দেখে ও বিচার করে, তার চেয়ে যেন আমি আমার অন্তরের পবিত্রতার প্রতি বেশি যত্নবান হই—সেজন্য প্রয়োজনীয় অনুগ্রহ আমাকে দাও। প্রিয় প্রভু, আমি যেন পবিত্র হয়ে উঠি এবং অন্যদের জন্য সেই পবিত্রতার হাতিয়ার হয়ে উঠতে শিখি। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।

সন্ত মনিকার উদ্দেশে নবেনা
(বিশেষভাবে বিপথগামী সন্তানদের জন্য প্রার্থনা করা হয়)
18-26 আগস্ট

সাধারণ কালের জন্য পবিত্র শাস্ত্রের ধ্যান

সুসমাচার বিষয়ক আরও ধ্যান

ঐশ করুণা বিষয়ক ধ্যান

আজকের সাধুসাধ্বী/পর্বসমূহ

খ্রিস্টযাগের পাঠের বিকল্পসমূহ