বাংলা

ভালোবাসার প্রেরণা

31 আগস্ট, 2025
সাধারণ কালের বাইশতম রবিবার (বর্ষ গ)
আজকের পাঠসমূহ

ছবি: অ্যাডোবি স্টক-এর সৌজন্যে

ভিডিও

“তুমি যখন দুপুরে বা রাতে ভোজের আয়োজন করো, তখন তোমার বন্ধুদের, ভাইদের, আত্মীয়দের বা ধনী প্রতিবেশীদের নিমন্ত্রণ কোরো না, পাছে তারাও তোমাকে পাল্টা নিমন্ত্রণ করে আর এভাবেই তুমি প্রতিদান পেয়ে যাও। বরং তুমি যখন ভোজের আয়োজন করো, তখন দরিদ্র, পঙ্গু, খোঁড়া ও অন্ধদের নিমন্ত্রণ করো; তারা তোমাকে প্রতিদান দিতে অক্ষম বলেই তুমি সত্যিই ধন্য হবে। কারণ ধার্মিকদের পুনরুত্থানের সময় তুমি প্রতিদান পাবে।” লূক 14:12–14

সুসমাচারের এই অংশ আমাদের জীবনের প্রেরণার একেবারে মূলে পৌঁছে যায়। আমাদের পতিত মানবস্বভাবের কারণে আমরা খুব সহজেই স্বার্থপর উদ্দেশ্যে কাজ করতে পারি। আমরা আমাদের পরিশ্রমের পারিশ্রমিক চাই এবং দয়ার কাজের স্বীকৃতি চাই। আমরা জীবনে এগিয়ে যেতে চাই এবং অন্যদের চেয়ে নিজেদের উঁচুতে তোলার চেষ্টা করি। কিন্তু যিশু স্পষ্ট করে বলেন যে, আমাদের সমস্ত কাজের একমাত্র প্রেরণা হতে হবে ঈশ্বরের মহিমা এবং অন্যদের প্রতি ভালোবাসা।

এই অংশে দরিদ্র, পঙ্গু, খোঁড়া ও অন্ধ বলতে তাদের বোঝানো হয়েছে, যাদের আমাদের ভালোবাসার প্রয়োজন। অবশ্যই তাদের মধ্যে আমাদের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরাও থাকবেন। যাদের প্রয়োজন আছে, তাদের সঙ্গে দেখা হলে আমাদের অবশ্যই তাদের ভালোবাসা দিতে হবে—এর বিনিময়ে আমরা কিছু পাই বলে নয়, বরং তা করাই সঠিক বলে। এক্ষেত্রে আমরা যে প্রতিদান পাই, তা সরাসরি এবং কেবল ঈশ্বরের কাছ থেকেই আসে। এই প্রতিদান সামাজিক স্বীকৃতি বা প্রশংসা নয়। এই প্রতিদান বস্তুগত কিছু নয়। এই প্রতিদান এমন কিছু নয়, যা আমাদের জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। এটি অনুগ্রহের প্রতিদান, যা আমাদের পবিত্র করে তোলে। জীবনে আমাদের একমাত্র প্রেরণা হওয়া উচিত এটিই—ঈশ্বর ও অন্যদের ভালোবেসে তাঁর মহিমা প্রকাশের মধ্য দিয়ে পবিত্র হয়ে ওঠার প্রেরণা।

জীবনে আপনার প্রেরণাগুলো নিয়ে ভাবুন। প্রতিদিন আপনি যা করেন, তা কেন করেন? স্পষ্টতই, আমাদের সবারই কিছু দায়িত্ব আছে, যা পালন করতেই হয়; যেমন জীবিকা উপার্জন করা, ঘর ও পরিবারের যত্ন নেওয়া, আমাদের সম্পর্কগুলোকে দৃঢ় করা ইত্যাদি। কিন্তু আপনি এসব কাজ কেন করেন? আপনার প্রেরণার উৎস কী? আপনার প্রেরণার ভিত্তি কি বিশুদ্ধ ভালোবাসা?

আমাদের ভালোবাসা যখন বিশুদ্ধ হয়, তখন আমরা কোনো কাজ করতে অনুপ্রাণিত হই, কারণ আমরা বুঝি যে, সেটি ঈশ্বরের প্রতি আমাদের পবিত্র কর্তব্য অথবা এমন একটি কাজ, যা অন্য কারও উপকার করবে। যেমন, একজন স্নেহময় ও পবিত্র মা বা বাবা জীবিকা উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করেন, ধনী হয়ে জাগতিক ভোগবিলাসে মেতে উঠতে চান বলে নয়, বরং নিজের পরিবারকে ভালোবাসেন, তাদের যত্ন নেন এবং তাদের বস্তুগত প্রয়োজনগুলো মেটাতে চান বলে। কিংবা একজন বন্ধু অন্য বন্ধুর পাশে থেকে তার কথা মন দিয়ে শুনতে চান, এতে নিজের সুবিধা হবে বলে নয়, বরং সেই বন্ধুকে ভালোবাসেন এবং তার প্রয়োজনের সময় তার কথা শুনতে চান বলে। সত্যিকারের ভালোবাসা সব সময় অন্যের মঙ্গলের দিকে দৃষ্টি রাখে; আধ্যাত্মিকভাবে সেই ব্যক্তি কোন কোন দিক থেকে দরিদ্র, পঙ্গু, খোঁড়া ও অন্ধ, তা খুঁজে দেখে, যাতে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তাকে সাহায্য করতে পারে। সত্যিকারের ভালোবাসা সব সময় সেই মুহূর্তে যা প্রয়োজন, তা দিয়ে একটি শূন্যতা পূরণ করতে চায়।

আমাদের জন্য সুসংবাদ হলো, যখন আমাদের প্রেরণা বিশুদ্ধ ও নিঃস্বার্থ হয় এবং আমরা কেবল ঈশ্বরের মহিমা প্রকাশ করতে ও অন্যদের যত্ন নিতে চাই, তখন ঈশ্বর আমাদের এমন শাশ্বত পুরস্কারে ভরিয়ে দেবেন, যার সূচনা এখনই হয়। আমরা সদ্‌গুণে এবং পবিত্র আত্মার ফলে সমৃদ্ধ হয়ে উঠব। আমরা আনন্দ, শান্তি, শক্তি, সাহস, ভালোবাসা, সদয়তা এবং আরও অনেক কিছু লাভ করব। এই মঙ্গলময় দানগুলোই জীবনের প্রকৃত সম্পদ। যার জীবনের প্রেরণা বিশুদ্ধ, নিঃস্বার্থ, ত্যাগপূর্ণ ও করুণাময়, কেবল ঈশ্বরই তার আত্মাকে এই দানগুলো দিতে পারেন।

প্রতিদিন কোন প্রেরণা আপনাকে চালিত করে, আজ তা নিয়ে ধ্যান করুন। কোনো কাজ করার সময় আপনি কি নিজের কথা বেশি ভাবেন, নাকি ঈশ্বর ও অন্যদের কথা বেশি ভাবেন? আশা করা যায়, আপনার প্রেরণার মধ্যে আপনি অন্যদের সেবা করার এবং আপনার প্রতিটি কাজে ঈশ্বরের মহিমা প্রকাশ করার এক তীব্র আকাঙ্ক্ষা খুঁজে পাবেন। কিন্তু যেখানে স্বার্থপরতা দেখতে পান, সেখানে জেনে রাখুন যে, এই প্রেরণা কখনোই আপনাকে পরিতৃপ্ত করতে পারবে না। ঈশ্বরের প্রতি ভালোবাসা ও অন্যদের প্রয়োজনের দিকে মন ফিরিয়ে নিজেকে বিনম্র করুন এবং তাঁদের সেবাকেই আপনার একমাত্র ব্রত করে তুলুন। এর ফলে ঈশ্বর আপনাকে এমন প্রাচুর্যে ভরিয়ে দেবেন, যা আপনি কখনো কল্পনাও করতে পারেন না।

আমার করুণাময় প্রভু, তুমি সেবা পেতে নয়, সেবা করতে এবং পরম বিশুদ্ধ ও পবিত্র ভালোবাসায় অন্যদের জন্য তোমার জীবন দিতে পৃথিবীতে এসেছিলে। তোমার ঐশ্বরিক ভালোবাসার সেই দান গ্রহণ করতে আমি নিজেকে উন্মুক্ত করি এবং প্রার্থনা করি, তোমার ভালোবাসা গ্রহণ করে আমিও যেন একই নিঃস্বার্থভাবে তোমাকে ও অন্যদের ভালোবাসতে পারি। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।

সাধারণ কালের জন্য পবিত্র শাস্ত্রের ধ্যান

সুসমাচার বিষয়ক আরও ধ্যান

ঐশ করুণা বিষয়ক ধ্যান

আজকের সাধুসাধ্বী/পর্বসমূহ

খ্রিস্টযাগের পাঠের বিকল্পসমূহ