বাংলা

শিষ্যত্বের মূল্য

সোমবার, 4 মার্চ, 2019

সাধারণ কালের অষ্টম সপ্তাহের সোমবার

আজকের পাঠসমূহ

সাধু কাসিমির – ঐচ্ছিক স্মরণোৎসব

যিশু তাঁর দিকে তাকিয়ে তাঁকে ভালোবাসলেন এবং বললেন, “তোমার একটি বিষয়ের অভাব আছে। যাও, তোমার যা আছে তা বিক্রি করে গরিবদের দাও, আর তুমি স্বর্গে ধন পাবে; তারপর এসো, আমাকে অনুসরণ করো।” এই কথা শুনে তাঁর মুখ মলিন হয়ে গেল, আর তিনি দুঃখিত হয়ে চলে গেলেন, কারণ তাঁর অনেক ধনসম্পদ ছিল।  মার্ক 10:21-22

পবিত্র শাস্ত্রের এই অংশে দুটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ করার আছে।  প্রথমটি হলো যিশুর প্রতিক্রিয়া এবং দ্বিতীয়টি হলো ধনী যুবকের প্রতিক্রিয়া।

লেখা আছে, যিশু তার দিকে তাকিয়ে “তাকে ভালোবাসলেন।” যিশু এই যুবককে যা করতে আহ্বান জানান, তার পূর্বভূমিকা হিসেবে এই কথাটি মনে রাখা গুরুত্বপূর্ণ। তিনি তাকে আহ্বান জানান, তার যা কিছু আছে সব ছেড়ে দিতে, সবকিছু বিলিয়ে দিতে এবং এসে যিশুকে অনুসরণ করতে। আর ভালোবাসা থেকেই যিশু তাকে এই আমন্ত্রণ জানিয়েছিলেন।

এই যুবকের বর্তমানে যা আছে, তার চেয়ে অনেক বেশি লাভ করার জন্য যিশু তাকে আমন্ত্রণ জানাচ্ছেন। তাই যুবকটিকে সম্পূর্ণভাবে ও আমূল পরিবর্তনের মধ্য দিয়ে তাঁকে অনুসরণ করার আমন্ত্রণ জানানোর আগে যিশু ভালোবাসা নিয়ে তার দিকে তাকিয়েছিলেন। কিন্তু এ ক্ষেত্রে যিশুকে ভালোবাসতে গেলে তাকে কষ্ট পেতে হতো। কষ্ট পেতে হতো এই অর্থে যে, যিশুকে অনুসরণ করতে হলে তাকে সর্বস্ব সম্পূর্ণভাবে ত্যাগ করতে হতো। এই ত্যাগ ছিল সম্পূর্ণ ও আমূল। অন্তত নিছক মানবিক ও জাগতিক দৃষ্টিকোণ থেকে তা ছিল কঠিন। কিন্তু এই যুবকের প্রতি যিশুর ভালোবাসা এতটাই পূর্ণ ছিল যে, তিনি তাকে সর্বস্ব ত্যাগের কষ্ট সহ্য করার আমন্ত্রণ জানাতে প্রস্তুত ছিলেন, যেন এই ধনী ব্যক্তি আরও অনেক বেশি লাভ করতে পারে।

আমাদেরও একই কাজ করার আমন্ত্রণ জানানো হয়েছে। না, আমাদের হয়তো নিজেদের সমস্ত বস্তুগত সম্পদ ছেড়ে দেওয়ার মতো অনন্য ও আমূল পরিবর্তনের পথে যিশুকে অনুসরণ করার আহ্বান জানানো হয়নি। কিন্তু একই মাত্রার ভরসা নিয়ে এবং তাঁর ঐশ ইচ্ছার কাছে নিজেদের সম্পূর্ণ সমর্পণ করে যিশুকে অনুসরণ করার আহ্বান আমাদের জানানো হয়েছে। আর এর জন্য অনিবার্যভাবেই ত্যাগ করতে হবে। চরম মাত্রায় ত্যাগ করতে হবে।

যিশুর শিষ্যত্বের আহ্বানে আমাদের সাড়াই মূল বিষয়। নিজেদের সম্পূর্ণভাবে দান করার এই আমন্ত্রণে আমরা কীভাবে সাড়া দেব? ধনী যুবকটি প্রথমে দুঃখিত হয়েছিল। যিশু তাকে যে আমন্ত্রণ জানিয়েছিলেন, তা সে গ্রহণ করেনি। শেষ পর্যন্ত সে এমন আমূল ও সম্পূর্ণভাবে যিশুকে অনুসরণ করেছিল কি না, তা আমরা জানি না; তবে তার প্রথম প্রতিক্রিয়া আমরা জানি।

প্রায়ই আমাদেরও প্রথম প্রতিক্রিয়া এমনই হয়।  আমরা বিশ্বস্ত থাকতে চাই এবং খ্রিস্ট যা-ই চান না কেন, তাঁকে অনুসরণ করতে চাই।  কিন্তু তাঁর ডাকে সাড়া দেওয়ার জন্য যখন সুনির্দিষ্ট আমন্ত্রণ পাই, তখন সেই আমন্ত্রণে খুব বেশি কিছু দাবি করা হচ্ছে ভেবে আমরা দুঃখিত হয়ে ফিরে যাই।

আজ এই ধনী যুবককে নিয়ে ধ্যান করুন।  নিজের জীবনের দিকে তাকান এবং ভেবে দেখুন, যিশু আপনার কাছে যা-ই চান না কেন, তাতে সম্পূর্ণভাবে “হ্যাঁ” বলতে আপনি কতটা প্রস্তুত ও ইচ্ছুক।  ত্যাগ স্বীকার করে “হ্যাঁ” বলাই আপনার নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত।  প্রকৃতপক্ষে, এর মধ্য দিয়ে আপনি স্বেচ্ছায় সেই সবচেয়ে মহিমাময় জীবন গ্রহণ করেন, যা যাপন করা আপনার পক্ষে সম্ভব।

প্রভু, কখনো কখনো তোমাকে অনুসরণ করা কঠিন বলে মনে হতে পারে, মনে হতে পারে এতে অনেক কিছু দাবি করা হচ্ছে। মনে হতে পারে, এ যেন সাধ্যের অতিরিক্ত। বিশেষ করে সেই মুহূর্তগুলোতে আমাকে সাহায্য করো, যেন এই জগতে আমার যত আসক্তি আছে, সেগুলোর চেয়েও তোমার ওপর বেশি ভরসা রাখি। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।

সুসমাচার বিষয়ক আরও ধ্যান

ঐশ করুণা বিষয়ক ধ্যান

আজকের সাধু – সাধু ক্যাসিমির