বাংলা

এখন অনুতাপের সময়!

জুলাই 12, 2022
সামান্য কালের পঞ্চদশ সপ্তাহের মঙ্গলবার
আজকের পাঠসমূহ

ভিডিও

যে নগরগুলোতে যিশুর অধিকাংশ পরাক্রমশালী কাজ সম্পন্ন হয়েছিল, সেগুলোর লোকেরা অনুতাপ করেনি বলে তিনি তাদের তিরস্কার করতে শুরু করলেন। “ধিক তোমাকে, কোরাজিন! ধিক তোমাকে, বেথসাইদা!” মথি 11:20-21a

যিশুর করুণা ও ভালোবাসার কী অপূর্ব প্রকাশ!  তিনি কোরাজিন ও বেথসাইদা নগরের লোকদের তিরস্কার করেন, কারণ তিনি তাদের ভালোবাসেন এবং দেখেন যে, তিনি তাদের কাছে সুসমাচার নিয়ে আসার এবং পরাক্রমের বহু কাজ করার পরও তারা তাদের পাপময় জীবন আঁকড়ে ধরে আছে।  তারা একগুঁয়ে হয়ে থাকে, পাপের ফাঁদে আটকে থাকে, বিভ্রান্ত থাকে, মন পরিবর্তন করতে চায় না এবং নিজেদের জীবন বদলাতেও চায় না।  এই পরিস্থিতিতে যিশু এক চমৎকার উপায়ে করুণা প্রকাশ করেন।  তিনি তাদের শাসন করেন!  উপরের অংশটির পরে তিনি আরও বলেন, “আমি তোমাদের বলছি, বিচারের দিনে তোমাদের চেয়ে তীর ও সিদোনের দশা বেশি সহনীয় হবে।”

এখানে একটি চমৎকার পার্থক্য রয়েছে। এটি আমাদের বুঝতে সাহায্য করবে, কখনো কখনো ঈশ্বর আমাদের কী বলতে চাইছেন। সেই সঙ্গে আমাদের চারপাশে যারা অভ্যাসগতভাবে পাপ করে এবং আমাদের বা অন্যদের জীবনে কষ্টের কারণ হয়, তাদের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে, তা-ও বুঝতে সাহায্য করবে। এই পার্থক্যটি হলো কোরাজিন ও বেথসাইদার লোকদের শাসন করার পেছনে যিশুর প্রেরণা। তিনি কেন তা করেছিলেন? আর তাঁর কাজের পেছনে কী প্রেরণা ছিল?

যিশু তাদের শাসন করেন ভালোবাসা থেকে এবং তারা যেন বদলে যায়, সেই আকাঙ্ক্ষা থেকে। তিনি যখন তাদের আহ্বান জানিয়েছিলেন এবং তাঁর অলৌকিক কাজগুলোর মধ্য দিয়ে শক্তিশালী সাক্ষ্য দিয়েছিলেন, তখন তারা সঙ্গে সঙ্গে নিজেদের পাপের জন্য অনুতাপ করেনি। তাই তাঁকে আরও কঠোর পদক্ষেপ নিতে হয়েছিল। আর এই নতুন পদক্ষেপ ছিল ভালোবাসা থেকে করা দৃঢ় ও স্পষ্ট তিরস্কার।

যিশুর এই কাজকে প্রথমে আবেগের বশে রাগের বিস্ফোরণ বলে মনে হতে পারে। কিন্তু মূল পার্থক্যটি এখানেই। যিশু রেগে গিয়ে আত্মসংযম হারিয়েছিলেন বলে তাদের কঠোরভাবে তিরস্কার করেননি। বরং তিনি তাদের তিরস্কার করেছিলেন, কারণ বদলে যাওয়ার জন্য তাদের সেই তিরস্কারের প্রয়োজন ছিল।

একই সত্য আমাদের জীবনেও প্রযোজ্য। কখনো কখনো যিশুর কোমল আহ্বানে সাড়া দিয়ে তাঁর অনুগ্রহ গ্রহণ করার ফলে আমরা নিজেদের জীবন বদলাই এবং পাপকে জয় করি। কিন্তু অন্য সময়ে, পাপ যখন গভীরে শিকড় গাড়ে, তখন আমাদের পবিত্র তিরস্কারের প্রয়োজন হয়। সে ক্ষেত্রে যিশুর এই কথাগুলো এমনভাবে শোনা উচিত, যেন তিনি আমাদের উদ্দেশেই বলছেন। আমাদের জীবনে হয়তো করুণার এই বিশেষ প্রকাশটিই প্রয়োজন।

অন্যদের সঙ্গে কীভাবে আচরণ করব, সে বিষয়েও এটি আমাদের গভীর অন্তর্দৃষ্টি দেয়। যেমন, মা-বাবারা এ থেকে অনেক কিছু শিখতে পারেন। সন্তানেরা প্রায়ই নানাভাবে বিপথে যাবে এবং তাদের সংশোধনের প্রয়োজন হবে। সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য কোমল আহ্বান ও কথোপকথন দিয়ে শুরু করা অবশ্যই যথাযথ। তবে কখনো কখনো এতে কাজ হবে না, তখন আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। সেই “আরও কঠোর ব্যবস্থা” কী? নিয়ন্ত্রণহীন রাগ ও প্রতিশোধপরায়ণ চিৎকার এর সমাধান নয়। বরং করুণা ও ভালোবাসা থেকে উৎসারিত পবিত্র ক্রোধই হয়তো চাবিকাঠি হতে পারে। তা কঠোর শাসন বা শাস্তির রূপ নিতে পারে। অথবা সত্যকে দৃঢ়ভাবে তুলে ধরা এবং কোনো কোনো কাজের পরিণতি স্পষ্ট করে জানানোর রূপও নিতে পারে। শুধু মনে রাখবেন, এটিও ভালোবাসা এবং যিশুর কাজের অনুকরণ। একেই আমরা সাধারণত “কঠোর ভালোবাসা” বলি।

আজ ভেবে দেখুন, আপনার যিশুর কাছ থেকে তিরস্কার পাওয়ার প্রয়োজন আছে কি না। যদি থাকে, তবে ভালোবাসার এই সুসমাচার আপনার অন্তরের গভীরে প্রবেশ করতে দিন। অন্যদের ভুলত্রুটি সংশোধন করার ক্ষেত্রে আপনার দায়িত্ব নিয়েও ভাবুন। স্পষ্ট শাসনের রূপে প্রকাশিত ঐশ্বরিক ভালোবাসার কাজ করতে ভয় পাবেন না। আপনি যাদের ভালোবাসেন, তাদের ঈশ্বরকে আরও বেশি ভালোবাসতে সাহায্য করার চাবিকাঠি হয়তো এটিই।

হে প্রেমে উদ্দীপ্ত আমার প্রভু, প্রতিদিন আমার পাপ থেকে মন ফেরাতে আমাকে সাহায্য করো।  অন্যদের মন পরিবর্তনের সহায়ক হতে আমাকে সাহায্য করো।  আমি যেন সবসময় ভালোবাসার সঙ্গে তোমার বাণী গ্রহণ করি এবং সবচেয়ে কার্যকর ভালোবাসার রূপে তা অন্যদের কাছে পৌঁছে দিই।  যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।

সুসমাচার বিষয়ক আরও ধ্যান

ঐশ করুণা বিষয়ক ধ্যান

সকল সাধুসাধ্বী/পর্বদিন

খ্রিস্টযাগের পাঠের বিকল্পসমূহ

নির্বাচিত ছবি: জেমস টিসো, পাবলিক ডোমেইন, উইকিমিডিয়া কমন্সের মাধ্যমে