বাংলা

ক্ষমা চাওয়ার সাহস

জুলাই 2, 2020
সাধারণ কালের ত্রয়োদশ সপ্তাহের বৃহস্পতিবার
আজকের পাঠসমূহ

তাদের বিশ্বাস দেখে যিশু পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিটিকে বললেন, “সন্তান, সাহস রাখো, তোমার পাপ ক্ষমা করা হয়েছে।”  মথি 9:2b

এই ঘটনার শেষে যিশু পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিটিকে সুস্থ করে বলেন, “ওঠো, তোমার খাটিয়া তুলে নিয়ে বাড়ি যাও।” লোকটি ঠিক তা-ই করে, আর জনতা বিস্মিত হয়।

এখানে দুটি অলৌকিক ঘটনা ঘটে। একটি শারীরিক, অন্যটি আধ্যাত্মিক। আধ্যাত্মিক ঘটনাটি হলো, এই ব্যক্তির পাপ ক্ষমা করা হয়। শারীরিক ঘটনাটি হলো, তার পক্ষাঘাত সেরে যায়।

এই অলৌকিক ঘটনা দুটির মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? আপনার কী মনে হয়, লোকটি কোনটি সবচেয়ে বেশি চেয়েছিল?

দ্বিতীয় প্রশ্নটির উত্তর দেওয়া কঠিন, কারণ লোকটি কী ভাবছিল, তা আমরা জানি না। কিন্তু প্রথম প্রশ্নটির উত্তর সহজ। আধ্যাত্মিক নিরাময়, অর্থাৎ তার পাপের ক্ষমা, এই দুটি অলৌকিক ঘটনার মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটিই সবচেয়ে তাৎপর্যপূর্ণ, কারণ তার আত্মার জন্য এর প্রভাব অনন্তকাল স্থায়ী।

আমাদের বেশির ভাগের পক্ষেই শারীরিক সুস্থতা বা এ ধরনের কিছুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা সহজ। ঈশ্বরের কাছে অনুগ্রহ ও আশীর্বাদ চাওয়া আমাদের বেশ সহজ মনে হতে পারে। কিন্তু ক্ষমা চাওয়া আমাদের পক্ষে কতটা সহজ? অনেকের জন্য এটি আরও কঠিন হতে পারে, কারণ এর জন্য প্রথমেই আমাদের নিজেদের বিনম্র হতে হয়। এর জন্য প্রথমে স্বীকার করতে হয় যে আমরা পাপী এবং আমাদের ক্ষমার প্রয়োজন।

আমাদের ক্ষমার প্রয়োজন স্বীকার করতে সাহস লাগে, কিন্তু এই সাহস একটি মহৎ সদ্‌গুণ এবং তা আমাদের চরিত্রের বিরাট শক্তি প্রকাশ করে। আমাদের জীবনে যিশুর করুণা ও ক্ষমা চাইতে তাঁর কাছে আসাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রার্থনা এবং আমাদের অন্য সব প্রার্থনার ভিত্তি।

আজ ভেবে দেখুন, ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে আপনি কতটা সাহসী এবং কতটা বিনম্রভাবে নিজের পাপ স্বীকার করতে ইচ্ছুক। এভাবে বিনম্রতা প্রকাশ করা আপনার করণীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি।

প্রভু, আমাকে সাহস দাও। বিশেষ করে, তোমার সামনে নিজেকে নত করতে এবং আমার সব পাপ স্বীকার করতে আমাকে সাহস দাও। এই বিনম্র স্বীকারোক্তির মধ্য দিয়ে আমার জীবনে প্রতিদিন তোমার ক্ষমা চাইতেও আমাকে সাহায্য করো। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।

সুসমাচার বিষয়ক আরও ধ্যান

ঐশ করুণা বিষয়ক ধ্যান

আজকের সাধুসাধ্বী/পর্বসমূহ

খ্রিস্টযাগের পাঠের বিকল্পসমূহ

চিত্র: পিটার ভান লিন্টের আঁকা বেথেসদার পুকুরে খোঁড়া ব্যক্তিকে সুস্থ করছেন খ্রিস্ট