বাংলা

ঐশ চিকিৎসকের অসুস্থ মানুষদের “প্রয়োজন”

29 ফেব্রুয়ারি, 2020
ভস্ম বুধবারের পরের শনিবার
আজকের পাঠসমূহ

“যারা সুস্থ, তাদের চিকিৎসকের প্রয়োজন নেই, কিন্তু যারা অসুস্থ, তাদের প্রয়োজন আছে। আমি ধার্মিকদের নয়, বরং পাপীদের অনুতাপের আহ্বান জানাতে এসেছি।” লূক 5:31–32

রোগী না থাকলে একজন চিকিৎসক কী করতেন? কেউ যদি অসুস্থ না হতো, তাহলে কী হতো? বেচারা চিকিৎসকের তো আর কাজই থাকত না। তাই এক অর্থে এ কথা বলা সংগত যে, নিজের ভূমিকা পালনের জন্য একজন চিকিৎসকের অসুস্থ মানুষদের প্রয়োজন হয়।

যিশুর সম্বন্ধেও একই কথা বলা যায়। তিনি জগতের ত্রাণকর্তা। কিন্তু যদি কোনো পাপী না থাকত, তাহলে কী হতো? তাহলে যিশুর মৃত্যু বৃথা হতো, আর তাঁর করুণারও প্রয়োজন হতো না। তাই এক অর্থে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে, জগতের ত্রাণকর্তা হিসেবে যিশুর পাপীদের প্রয়োজন হয়। তাঁর প্রয়োজন সেই মানুষদের, যারা তাঁর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঈশ্বরের বিধান লঙ্ঘন করেছে, নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে, অন্যদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং স্বার্থপর ও পাপপূর্ণ আচরণ করেছে। যিশুর পাপীদের প্রয়োজন। কেন? কারণ যিশু ত্রাণকর্তা, আর একজন ত্রাণকর্তার কাজই হলো পরিত্রাণ দেওয়া। পরিত্রাণ দেওয়ার জন্য একজন ত্রাণকর্তার এমন মানুষদের প্রয়োজন, যাদের পরিত্রাণ দরকার! বুঝতে পারছেন?

এটি বোঝা গুরুত্বপূর্ণ, কারণ যখন আমরা তা বুঝব, তখন হঠাৎ উপলব্ধি করব যে, আমাদের পাপের কলুষ নিয়ে যিশুর কাছে আসা তাঁর হৃদয়ে মহা আনন্দ এনে দেয়। এটি আনন্দ এনে দেয়, কারণ এর মধ্য দিয়ে তিনি একমাত্র ত্রাণকর্তা হিসেবে তাঁর করুণা প্রয়োগ করে পিতার দেওয়া দায়িত্ব পূর্ণ করতে পারেন।

যিশুকে তাঁর দায়িত্ব পূর্ণ করতে দিন! তাঁকে আপনার প্রতি করুণা করতে দিন! আপনার করুণার প্রয়োজন স্বীকার করার মধ্য দিয়েই আপনি তা করেন। অসহায় ও পাপপূর্ণ অবস্থায়, করুণার অযোগ্য এবং কেবল অনন্ত নরকদণ্ডের যোগ্য হয়েও তাঁর কাছে আসার মধ্য দিয়ে আপনি তা করেন। এভাবে যিশুর কাছে আসা তাঁকে পিতার দেওয়া দায়িত্ব পূর্ণ করার সুযোগ দেয়। এর মধ্য দিয়ে তিনি তাঁর করুণায় পরিপূর্ণ হৃদয়কে সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে পারেন। নিজের দায়িত্ব পূর্ণ করার জন্য যিশুর আপনাকে “প্রয়োজন”। তাঁকে এই উপহার দিন এবং তাঁকে আপনার করুণাময় ত্রাণকর্তা হতে দিন।

আজ নতুন দৃষ্টিভঙ্গি থেকে ঈশ্বরের করুণা নিয়ে ধ্যান করুন। যিশু সেই ঐশ চিকিৎসক, যিনি আরোগ্যদানের দায়িত্ব পূর্ণ করতে চান—তাঁর দৃষ্টিভঙ্গি থেকে এই করুণাকে দেখুন। উপলব্ধি করুন যে, তাঁর দায়িত্ব পূর্ণ করার জন্য আপনাকে তাঁর প্রয়োজন। তিনি চান, আপনি আপনার পাপ স্বীকার করুন এবং তাঁর আরোগ্যদান গ্রহণে উন্মুক্ত থাকুন। তা করার মধ্য দিয়ে আপনি আমাদের এই সময়ে করুণার দ্বার উন্মুক্ত হয়ে তা থেকে প্রচুর পরিমাণে করুণা প্রবাহিত হওয়ার সুযোগ দেন।

প্রিয় ত্রাণকর্তা ও ঐশ চিকিৎসক, পরিত্রাণ ও আরোগ্য দিতে আসার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমার জীবনে তোমার করুণা প্রকাশ করার তীব্র আকাঙ্ক্ষার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। দয়া করে আমাকে বিনম্র করো, যেন আমি তোমার আরোগ্যদায়ী স্পর্শ গ্রহণে উন্মুক্ত থাকতে পারি এবং পরিত্রাণের এই দানের মধ্য দিয়ে তোমাকে তোমার ঐশ করুণা প্রকাশ করার সুযোগ দিতে পারি। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।

তৃতীয় ধ্যান – ঈশ্বরজননীর ভাবনা

তপস্যাকালের সহায়ক উপকরণ

সুসমাচার বিষয়ক আরও ধ্যান

ঐশ করুণা বিষয়ক ধ্যান

আজকের সাধুসাধ্বী/পর্বসমূহ

খ্রিস্টযাগের পাঠের বিকল্পসমূহ


তপস্যাকালের জন্য তিনটি চমৎকার বই
অনলাইনে বিনা মূল্যে পড়ুন।  ই-বুক & পেপারব্যাক সংস্করণেও পাওয়া যায়।

তপস্যাকাল ও পাস্কাকালের ধ্যান
দৈনিক কাথলিক ধ্যান গ্রন্থমালা

ক্রুশের পাদদেশে 40 দিন
আমাদের ধন্য মায়ের হৃদয় থেকে ভালোবাসার এক দৃষ্টি

ঐশ করুণা বিষয়ক দৈনিক ধ্যান
সাধ্বী ফাউস্তিনার সঙ্গে 365 দিন