সেপ্টেম্বর 27, 2021
সাধারণ কালের ছাব্বিশতম সপ্তাহের সোমবার
আজকের পাঠসমূহ
সাধু ভিনসেন্ট দ্য পল, যাজক—স্মরণোৎসব

শিষ্যদের মধ্যে কে সবচেয়ে বড়, তা নিয়ে তাঁদের মধ্যে তর্ক শুরু হলো। যিশু তাঁদের অন্তরের অভিপ্রায় বুঝতে পেরে একটি শিশুকে নিয়ে নিজের পাশে দাঁড় করালেন এবং তাঁদের বললেন, “যে আমার নামে এই শিশুকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে; আর যে আমাকে গ্রহণ করে, সে তাঁকেই গ্রহণ করে, যিনি আমাকে পাঠিয়েছেন। কারণ তোমাদের সকলের মধ্যে যে সবচেয়ে ছোট, সেই সবচেয়ে বড়।” লূক 9:48
যিশু ও তাঁর শিষ্যদের মধ্যে এই কথোপকথন তিনটি ঘটনার কিছুদিন পরেই হয়েছিল। প্রথমত, যিশু শিষ্যদের যে প্রথম প্রচারকাজে পাঠিয়েছিলেন, তা থেকে তাঁরা ফিরে আসার পর এটি ঘটেছিল। দ্বিতীয়ত, পিতর যিশুকে “ঈশ্বরের মশীহ” বলে নিজের বিশ্বাস স্বীকার করার পর এটি ঘটেছিল। তৃতীয়ত, এটি ঘটেছিল যিশুর রূপান্তরের পরে, যখন তিনি নিজের মহিমা প্রকাশ করার জন্য পিতর, যাকোব ও যোহনকে পাহাড়ে নিয়ে গিয়েছিলেন। এই তিনটি ঘটনার পর মনে হয়, শিষ্যদের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা প্রকাশ পেতে শুরু করেছিল। হয়তো পিতরের বিশ্বাস স্বীকার নিয়ে ঈর্ষা ছিল, অথবা যে শিষ্যদের রূপান্তরের পাহাড়ে নিয়ে যাওয়া হয়নি, তাঁদের মনে কিছুটা হিংসা ছিল। তবে কারণ যা-ই হোক, শিষ্যদের মধ্যে আত্মগৌরবের আকাঙ্ক্ষা যে সবে মাথাচাড়া দিতে শুরু করেছিল, যিশু তা নিয়েই কথা বলেন।
এই অংশের ব্যাখ্যা করতে গিয়ে আলেকজান্দ্রিয়ার সাধু সিরিল উল্লেখ করেন যে, আধ্যাত্মিক সংগ্রামে দিয়াবলের প্রথম কৌশল হলো আমাদের আত্মায় দৈহিক কামনা জাগিয়ে তোলা, যাতে আমরা সেইসব সুখভোগের আকাঙ্ক্ষায় আবদ্ধ থাকি। কিন্তু কেউ যখন এই নিচু ও দৈহিক কামনাগুলো থেকে মুক্ত হতে সক্ষম হন, তখন দিয়াবল এক আধ্যাত্মিক পাপ জাগিয়ে তোলে; সেটি হলো স্বার্থপরতা ও আত্মগৌরব। এই আত্মগৌরবের আকাঙ্ক্ষা, অর্থাৎ অন্যদের চোখে সবচেয়ে বড় বলে গণ্য হওয়ার আকাঙ্ক্ষার সঙ্গেই শিষ্যরা লড়াই করছিলেন।
আমাদের প্রভু শিষ্যদের “অন্তরের অভিপ্রায় বুঝতে পেরে” তাঁদের সঙ্গে কথা বলেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। মূলত, যিশু লক্ষ করেছিলেন যে আত্মগৌরবের আকাঙ্ক্ষা সবে শুরু হয়েছে। তুলনা করে বলা যায়, একটি আগাছা যখন সবে গজাতে শুরু করে, তখন সেটিকে শিকড়সহ সহজেই তুলে ফেলা যায়। কিন্তু সেটিকে কিছুদিন বাড়তে দিলে শিকড় উপড়ে ফেলা আরও কঠিন হয়, আর তা করতে গিয়ে প্রায়ই আগাছার চারপাশের অন্য গাছপালা ও মাটিও ক্ষতিগ্রস্ত হয়। পাপের ক্ষেত্রেও তেমনই ঘটে। কোমলভাবে একটি শিশুকে তাঁদের মাঝে এনে এবং “তোমাদের মধ্যে যে সবচেয়ে ছোট, সেই সবচেয়ে বড়” বলে যিশু শিষ্যদের সাহায্য করছিলেন, যাতে আত্মগৌরবের পাপের এই “আগাছা” তাঁদের জীবনে গভীর শিকড় গাড়ার আগেই তাঁরা তা দূর করতে পারেন। শিষ্যদের সঙ্গে কথোপকথন চালিয়ে যাওয়ার সময় যিশু তাঁদের চিন্তাভাবনার সামান্য ভুলটি তুলে ধরতে গিয়েও কোমল আচরণ করতে থাকেন।
এটি বোঝা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রভু সবসময় চান, আমাদের পাপ শুরু হওয়ার মুহূর্তেই তা সংশোধন করতে। আমরা বিপথে যেতে শুরু করামাত্রই অনুগ্রহের যে সূক্ষ্ম প্রেরণা কোমলভাবে আমাদের কাজকে সঠিক পথে ফিরিয়ে আনে, তার প্রতি যদি আমরা উন্মুক্ত থাকি, তবে তাঁর ভালোবাসাপূর্ণ তিরস্কারের প্রতি আমাদের মনোযোগ আমাদের ভুলের মধ্যে আরও গভীরভাবে শিকড় গাড়া থেকে রক্ষা করতে সাহায্য করবে, সেই ভুল যা-ই হোক না কেন। নিয়মিত আত্মসমীক্ষার অভ্যাস গড়ে তোলা এ ক্ষেত্রে অনেক সাহায্য করে। এই অভ্যাস গড়ে তোলার অর্থ হলো, আমরা আমাদের প্রভুকে কঠোর ও দোষসন্ধানী বিচারক হিসেবে দেখি না; বরং তাঁর কোমলতা ও যত্নের মধ্য দিয়েই তাঁকে দেখি। প্রকৃত মহত্ত্ব সম্বন্ধে শিক্ষা দেওয়ার জন্য যিশু কোমলভাবে শিষ্যদের সামনে একটি শিশুকে নিয়ে আসছেন—এই দৃশ্য আমাদের উপলব্ধি করতে সাহায্য করবে যে, অনুগ্রহের এই কোমল প্রেরণাগুলোকে আমাদের কখনো ভয় পাওয়া উচিত নয়।
আজ ধ্যান করুন: আমাদের প্রভু আপনার সামনে এসে কোমলভাবে সেই ছোট ছোট পাপের কথা বলছেন, যেগুলোর সঙ্গে আপনি লড়াই করছেন। অবশ্যই, সব গুরুতর পাপ আগে দৃঢ়ভাবে মোকাবিলা করতে হবে। কিন্তু আপনার জীবন থেকে সব গুরুতর পাপ উপড়ে ফেলার পর অনুগ্রহের কোমল ও করুণাময় প্রেরণার প্রতি মনোযোগী হোন। এর মধ্য দিয়ে যিশু প্রতিটি ছোট পাপ শুরুতেই উপড়ে ফেলতে চান, এমনকি প্রতিটি আধ্যাত্মিক অপূর্ণতাও দূর করতে চান। এই অনুগ্রহগুলোর প্রতি মনোযোগী থাকাই পবিত্রতায় বেড়ে ওঠার এবং আমাদের প্রভুকে তাঁর মহিমাময় ইচ্ছার মধ্যে আপনাকে পরিচালিত করতে দেওয়ার সবচেয়ে নিশ্চিত পথ; এভাবেই তিনি তাঁর রাজ্যে আপনাকে প্রকৃত অর্থে মহান করে তোলেন।
আমার পরম করুণাময় ও কোমল যিশু, তোমার ভালোবাসা ও অনুগ্রহ প্রকাশ করে তুমি নানাভাবে আমার কাছে আসো, সেজন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। দয়া করে আমাকে স্পষ্টভাবে দেখতে সাহায্য করো, কোন কোন বিষয়ে আমার পরিবর্তন হওয়া প্রয়োজন, যাতে আমার জীবনের ক্ষুদ্রতম পাপের সূচনাটুকুও শিকড়সহ উপড়ে ফেলা যায়। আমার প্রভু, আমি তোমাকে ভালোবাসি। আমার সমস্ত হৃদয় দিয়ে তোমাকে ভালোবাসতে আমাকে সাহায্য করো। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।
ছোট্ট ফুল নামে পরিচিত সাধ্বী তেরেজের উদ্দেশে নবেনা
সেপ্টেম্বর 22-30
সাধারণ কালের জন্য পবিত্র শাস্ত্রের ধ্যান
আজকের সাধু – সাধু ভিনসেন্ট দ্য পল, যাজক




